
একটি ভূমিকম্পই বদলে দিয়েছিল এক নারীর দাম্পত্য জীবনের হিসাব। বিপদের মুহূর্তে স্ত্রীকে পাশে না রেখে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যান স্বামী। আর সেই ঘটনাই তাকে বুঝিয়ে দেয়, স্বামীর কাছে তার গুরুত্ব কতটা কম। পরে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই নারী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের পেছনের এই ঘটনা তুলে ধরেন ইভান অ্যালেক্সিস অলিভার নামের এক নারী। তার সেই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে।
ওই নারী জানান, একদিন তারা একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। হঠাৎ ভূমিকম্প শুরু হলে রেস্তোরাঁর অন্য অতিথিরা নিজেদের সঙ্গীদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ দরজার কাছে চলে যান। কিন্তু তার স্বামী তাকে কিছু না জানিয়েই টেবিল ছেড়ে রেস্তোরাঁর অন্য প্রান্তের একটি দরজার কাছে গিয়ে আশ্রয় নেন।
ভূমিকম্প থামার পর রেস্তোরাঁর একজন কর্মী ওই নারীর কাছে এসে তার খোঁজ নেন। একই সঙ্গে স্বামীর এভাবে তাকে ফেলে চলে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক বলে মন্তব্য করেন।
ওই নারী বলেন, ঘটনাটি তার জন্য অত্যন্ত বিব্রতকর ছিল। তবে তখনই তিনি উপলব্ধি করেন, বিপদের সময় স্বামী তাকে একবারও বিবেচনায় নেননি।
ভিডিওটি প্রকাশের পর প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত তা ১৩ লাখের বেশি বার দেখা হয়েছে। এতে প্রায় ২ লাখ ২ হাজার প্রতিক্রিয়া এবং প্রায় তিন হাজার মন্তব্য জমা পড়ে। অনেকেই নিজেদের দাম্পত্য জীবনের এমন তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
এক নারী মন্তব্যে জানান, একবার কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্রে সতর্কসংকেত বাজলে তার সাবেক স্বামী তাকে পাশ কাটিয়ে একাই বাড়ি থেকে বেরিয়ে যান। পরে সেটি ভুল সতর্কসংকেত বলে জানা গেলেও ঘটনাটি তাকে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।
আরেকজন জানান, বিয়ের অনুষ্ঠানে নিজের ব্যাগ খুঁজে না পেয়ে স্বামীর সাহায্য চাইলে তিনি ব্যাগের অবস্থান দেখিয়ে দেন। পরে স্বামীকে বলতে শোনেন, এতে স্ত্রী ব্যস্ত থাকবেন।
নারীর এই অভিজ্ঞতার সঙ্গে ২০১৪ সালের সুইডিশ চলচ্চিত্র ‘ফোর্স মাজিউর’-এর গল্পেরও মিল খুঁজে পেয়েছেন অনেকে। ওই চলচ্চিত্রে তুষারধসের সময় এক ব্যক্তি নিজের জীবন বাঁচাতে স্ত্রী ও সন্তানদের ফেলে পালিয়ে যান।
আরটিভি/জেএমএ



