
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় কূটনৈতিক প্রথা ভেঙে চীনের শেনজেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পরপরই রানওয়েতে শি জিনপিং নিজে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং তাকে জড়িয়ে ধরেন।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে অবতরণের মধ্য দিয়ে নতুন এক ইতিহাসের অংশ হয়েছেন ট্রাম্প। শেনজেনে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই নজিরবিহীন যৌথ বৈঠক ঘিরে শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।
দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম শেনজেনে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শেনজেনকে দেশটির ‘সিলিকন ভ্যালি’ বলা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই আবাস এই শহর।
শেনজেনে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পের জন্য লালগালিচা বিছানো হয়। ট্রাম্পের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও। তার গাড়িবহরের পথের পাশে ছোট ছোট দলে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান তারা। ট্রাম্পের অবস্থানের কথা জানা গেছে- এমন একটি হোটেলের বাইরেও জড়ো হন স্থানীয়রা। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হোটেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে।
এক তরুণ মার্কিন প্রেসিডেন্টের হোটেলের কাছের একটি সড়কে অপেক্ষা করার সময় বলেন, ‘আমি আশা করি, ট্রাম্পের এই সফর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারবে।’ ঐতিহাসিক এই আয়োজন ঘিরে ১৮ মিলিয়ন মানুষের শহর শেনজেনের পার্ক ও সড়কগুলোতেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আরটিভি/টিআর



