
প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থনে জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহালের পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়েছে। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার বেড়েছে। একই সঙ্গে চাঙা হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রযুক্তি খাত।
চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর পদত্যাগ করেছিলেন এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা হুয়াং। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে আবারও সিইও পদে ফিরিয়ে আনার ঘোষণা দেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এ সময়ের মধ্যে এনভিডিয়ার শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে কমেছিল।
সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার শেয়ারের দর ৩১ শতাংশের বেশি বাড়ায় প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক বেড়েছে ৬.৫ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ সূচকও বেড়েছে ৪.৭৫ শতাংশ।
শুক্রবার বড় দরপতনের পর প্রযুক্তি খাতের অন্যান্য শেয়ারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে হুয়াংয়ের পুনর্বহালের ঘোষণা আসার আগেই প্রাক-বাজার লেনদেনে এই ঊর্ধ্বগতি শুরু হয়েছিল।
এনভিডিয়ার ঘোষণার পর অন্য চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারেও বড় উত্থান হয়েছে। মাইক্রন টেকনোলজির শেয়ারের দাম বেড়েছে ১৯ শতাংশ, এএমডির প্রায় ৭ শতাংশ। টেসলার শেয়ারের দাম বেড়েছে প্রায় ১১.৫ শতাংশ। অন্যদিকে, অ্যামাজনের শেয়ার বেড়েছে প্রায় ৩.৫ শতাংশ এবং অ্যাপল ও মাইক্রোসফটের শেয়ার ২ শতাংশের কম বেড়েছে।
শেয়ারের বড় উত্থানে এনভিডিয়ার বাজারমূল্য আবারও ৪ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। তবে এক মাস আগের তুলনায় কোম্পানিটির শেয়ারের দাম এখনো প্রায় ২১ শতাংশ কম।
গত ৪ নভেম্বর ডেমোক্র্যাটদের মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর এআই খাতে কঠোর নিয়ন্ত্রণের আশঙ্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছিল। গত শুক্রবার এক দিনেই এনভিডিয়ার শেয়ারের দাম কমে ১৩.৭ শতাংশ। একই সময়ে প্রযুক্তি খাতের অন্যান্য শেয়ারেরও দরপতন হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বর্তমান উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এনভিডিয়ার। এ খাতের জন্য প্রয়োজনীয় চিপ তৈরি করে কোম্পানিটি।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের পর সর্বসম্মতিক্রমে তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি পর্ষদকে হুয়াংকে ফিরিয়ে আনতে রাজি করিয়েছেন।
ব্রোকারেজ প্রতিষ্ঠান এক্সটিবির গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস বলেন, হুয়াংয়ের প্রত্যাবর্তন প্রমাণ করে, এআই খাতে তার প্রভাব কতটা গভীর। তিনি বলেন, হুয়াং এ খাতের ‘গডফাদার’ এবং তার প্রভাব প্রায় তাবিজের মতো।
বিনিয়োগ প্রতিষ্ঠান এজে বেলের বাজারবিষয়ক প্রধান ড্যান কোটসওয়ার্থ বলেন, এনভিডিয়ার এই সিদ্ধান্ত পরিবর্তন বিস্ময়কর, বিশেষ করে এসইসির তদন্তের খবর এখনো নিশ্চিত না হওয়ার প্রেক্ষাপটে।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে করপোরেট জগতে এত বড় সিদ্ধান্ত পরিবর্তনের নজির বিরল। গুপ্তচরবৃত্তির বিতর্কে জড়িয়ে পড়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানির প্রধান হিসেবে ফিরে আসা সত্যিই বিস্ময়কর।’
তার মতে, শেয়ারবাজারের এই পুনরুদ্ধার বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে। তবে ভবিষ্যতে হুয়াং আরও সতর্কভাবে কোম্পানি পরিচালনা করতে পারেন। তার প্রতিটি পদক্ষেপ বাজারের নজরদারিতে থাকবে। নিজের ভাবমূর্তি রক্ষা এবং এনভিডিয়ার দায়িত্বশীল পরিচালনা নিশ্চিত করতে তাকে সতর্ক থাকতে হবে।
এদিকে, হুয়াংয়ের পুনর্বহাল নিয়ে আরও জবাবদিহিতা দাবি করেছেন রাজনীতিবিদরা। মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জিন শাহিন বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উৎসাহে এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে যথাযথ মূল্যায়ন বা জবাবদিহি ছাড়াই হুয়াংকে পুনর্বহাল করা হয়েছে বলে খবর এসেছে। এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে।
তিনি আরও বলেন, ‘একটি বিষয় স্পষ্ট, এআই শিল্পের জন্য সুনির্দিষ্ট নিয়ন্ত্রণব্যবস্থা ও নজরদারি প্রয়োজন।’
আরটিভি/ এসকেডি




