
লন্ডন থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ নাঈম ইসলাম (২০) নামে এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লন্ডন থেকে দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে ওয়েলসে বেড়াতে গিয়েছিলেন নাঈম। সেখানে একটি লেকের পাড়ে ওজু করতে গেলে প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় পানিতে ডুবে যান নাঈম।
এ সময় তার পাশে থাকা এক বন্ধু তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেন। তবে খোঁজাখুঁজি করেও নাঈমকে উদ্ধার করতে পারেননি তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা অনুসন্ধানের পর নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।
নাঈমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যুক্তরাজ্য ও বাংলাদেশে তার পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নাঈমের মামা মাওলানা সিদ্দিকুর রহমান জানান, ঘটনার দিন রাত ১টার দিকে পরিবারের সদস্যরা দুর্ঘটনার খবর পান। খবর পেয়ে পূর্ব লন্ডন থেকে ওয়েলসের উদ্দেশে রওনা হন নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম।
জানা গেছে, নাঈমের মরদেহ ২৮ সেপ্টেম্বর ওয়েলস থেকে লন্ডনে নেওয়া হতে পারে। তবে তার জানাজার সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে পরে জানানো হবে।
পরিবারের দ্বিতীয় সন্তান নাঈম ইসলাম যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাঁর বাবা কেন্দ্রীয় কৃষক দলের একজন সদস্য। তাদের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে।
আরটিভি/এসকে


