ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম
নিজের স্ত্রী-সন্তানদের সঙ্গে শামার এলকিন্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় গুলি করে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে হত্যা করেছেন শামার এলকিন্স নামে এক ব্যক্তি। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভেপোর্ট শহরে ঘটে নৃশংস এ ঘটনা।

শ্রিভেপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন বলেন, রোববার ভোরে শ্রেভপোর্টের দুটি বাড়িতে চালানো এই হামলায় নিহতদের বয়স এক থেকে প্রায় ১২ বছরের মধ্যে। আহত প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন ছিলেন সন্দেহভাজনের সন্তানদের মা।

বোর্ডেলন বলেন, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যান ওই বন্দুকধারী।

এ ঘটনার কারণ এখনও উদঘাটন করতে পারেননি তদন্তকারীরা। বোর্ডেলন বলেন, এখনও অনেক কিছু তদন্ত করা বাকি আছে। তবে, গোয়েন্দাদের ধারণা পারিবারিক কলহের জেরেই ঘটেছে এ হত্যাকাণ্ড।

আরও পড়ুন

বোর্ডেলন আরও বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে একটি আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এলকিন্স।

এদিকে নৃশংস এ হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে পুরো শহরকে। শ্রিভেপোর্টের মেয়র টম আর্সেনো বলেছেন, ‘এটি একটি মর্মান্তিক পরিস্থিতি, সম্ভবত আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা।’

শ্রিভেপোর্টের বাসিন্দা এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে লিখেছেন, তার দল এই ‘হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা’ সম্পর্কে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ রাখছে।

তিনি বলেন, ‘এই অত্যন্ত কঠিন সময়ে আমরা ভুক্তভোগী, তাদের পরিবার ও প্রিয়জন এবং আমাদের শ্রিভপোর্ট সম্প্রদায়কে আমাদের চিন্তা ও প্রার্থনায় স্মরণ করছি।’

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী এই ভয়াবহ ঘটনায় মর্মাহত। তিনি লিখেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এমন বন্দুক হামলার প্রবণতা অনেক বেশি। সবশেষ ঘটনাটি ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১১৯টি গুলির ঘটনা ঘটেছে, যার শিকার হয়ে ৭৯ জন শিশুসহ ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত পরীক্ষামূলক ওষুধ ‘ড্যারাক্সনরাসিব’। কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন একটি করে এই ওষুধ সেবনে কয়েকজন রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে।  এমনকি কিছু রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও শনাক্ত করা যায়নি। প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় পাওয়া এ ফলকে কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় অন্যতম বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফল অনুযায়ী, অগ্রসর পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৬১ জন রোগীর ওপর ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। এসব রোগীর ক্যানসার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। পরীক্ষায় দেখা যায়, কেমোথেরাপির সঙ্গে ড্যারাক্সনরাসিব প্রয়োগে প্রায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়েছে। আর প্রায় ৮ শতাংশ, অর্থাৎ প্রতি ১২ জনে একজনের ক্ষেত্রে সিটি স্ক্যানে টিউমার শনাক্ত করা যায়নি। যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে এই ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা হিসেবে দেখছে। সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, নতুন ওষুধটির ফল অত্যন্ত আশাব্যঞ্জক। এত দিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কঠিন বলে বিবেচিত একটি জৈবিক প্রক্রিয়াকে এবার লক্ষ্যবস্তু করার সুযোগ তৈরি হয়েছে। তাঁর মতে, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় অবশেষে এমন অগ্রগতি দেখা যাচ্ছে, যার প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা করা অত্যন্ত কঠিন। কেমোথেরাপিতে অনেক সময় টিউমার ছোট হলেও কিছুদিন পর আবার বাড়তে শুরু করে। বিশেষ করে ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে রোগীদের বেঁচে থাকার সময় সাধারণত খুব সীমিত হয়ে যায়। অনেক রোগী কয়েক মাসের বেশি বাঁচতে পারেন না। পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এ সময়ে কয়েকজনের শরীরে ক্যানসার ফিরে আসেনি। তবে নতুন ওষুধটি কত দিন ক্যানসারের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে, তা এখনো নিশ্চিত নয়। ক্যানসার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব কি না, সেটিও জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এই চিকিৎসাকে এখনই ক্যানসার নিরাময়ের ওষুধ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। বরং এটি রোগের অগ্রগতি ধীর করে রোগীদের বেঁচে থাকার সময় বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে মোট ক্যানসার আক্রান্তের প্রায় ৩ শতাংশ অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হলেও ক্যানসারজনিত মোট মৃত্যুর প্রায় ৮ শতাংশের জন্য দায়ী এই রোগ। দেশটিতে প্রতিবছর এ রোগে প্রায় ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়। অন্যদিকে, ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষের অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হয়। এ রোগে মারা যান প্রায় ১০ হাজার ২০০ জন। ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যানও ২০১৬ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পাঁচ মাস পর মারা যান। অগ্ন্যাশয়ের ক্যানসারের উল্লেখযোগ্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে জন্ডিস, ত্বকে চুলকানি, প্রস্রাবের রং গাঢ় হওয়া, মলের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। সব মিলিয়ে, প্রাথমিক পরীক্ষার এই ফল অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে চিকিৎসাটির প্রকৃত কার্যকারিতা, দীর্ঘমেয়াদি সুফল এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও বড় পরিসরের গবেষণার ফলের অপেক্ষায় রয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। সূত্র : বিবিসি আরটিভি/এসকে
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশটি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
গবেষণাগারে পরীক্ষার কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সর্বশেষ শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
আরও পড়ুন
রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ 
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ