
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। নিহত শিশুদের বয়স ছিল ১, ৩ ও ৫ বছর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্ল্যান্ট সিটির একটি বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার জানান, জরুরি সহায়তার নম্বরে করা একটি ফোনের রেকর্ডে এক শিশুকে বাবার কাছে প্রাণভিক্ষা চাইতে শোনা যায়। শিশুটি বারবার চিৎকার করে বলছিল, ‘বাবা, দয়া করে আমাকে গুলি কোরো না, আমাকে মেরো না।’ এর আগে এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা যায়, ‘দুঃখিত, সোনা।’ এরপরই গুলির শব্দ শোনা যায়।
পুলিশের ধারণা, ওই ব্যক্তি প্রথমে তিন সন্তানকে, পরে স্ত্রীকে হত্যা করেন এবং শেষ পর্যন্ত নিজেও আত্মহত্যা করেন। তবে ফোনটি কে করেছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণও জানা যায়নি।
শেরিফ ঘটনাটিকে ‘চরম নৃশংসতা’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, পরিবারটি এক বছর ধরে ওই বাড়িতে বসবাস করছিল। এর আগে বাড়িটি থেকে কোনো সহায়তার আবেদন বা অভিযোগ পুলিশের কাছে আসেনি। ঘটনাটির তদন্ত চলছে।
সূত্র: পিপল.কম
আরটিভি/জেএমএ


