
টেক্সাস অঙ্গরাজ্যে একটি গাড়ির ইঞ্জিনের ভেতরে লুকিয়ে প্রায় ১২২ কিলোমিটার (৭৬ মাইল) পথ পাড়ি দিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার পেয়েছে এক নবজাতক বিড়ালছানা। দীর্ঘ ও বিপদসংকূল যাত্রায় ইঞ্জিনের প্রচণ্ড উত্তাপ এবং ঝাঁকুনি সহ্য করে ছানাটির অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনায় বিস্ময় সৃষ্টি হয়েছে।
সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে, টেক্সাসের কারভিল শহরের পিটারসন হেলথ নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এক কর্মী প্রতিদিনের মতো রকস্প্রিংস থেকে গাড়ি চালিয়ে কর্মস্থলে পৌঁছান। গাড়িটি পার্ক করার পর তিনি ইঞ্জিনের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পান। কৌতূহলবশত কাছে গিয়ে তিনি দেখেন, ইঞ্জিনের যন্ত্রাংশের ভাঁজে আটকে রয়েছে এক ছোট্ট সদ্যোজাত বিড়ালছানা।
ধারণা করা হচ্ছে, যাত্রা শুরুর আগেই উষ্ণতার খোঁজে বিড়ালছানাটি রকস্প্রিংসে গাড়ির ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়েছিল। এরপর পুরো ১২২ কিলোমিটার পথ জুড়ে সেটি ইঞ্জিনের ভেতরেই অবস্থান করে।
খবর পেয়ে কারভিল পেটস অ্যালাইভ নামের একটি স্থানীয় প্রাণী উদ্ধারকারী দল এবং কারভিল শহরের প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। হাসপাতালের কর্মীদের সহায়তায় গাড়ির সামনের গ্রিল ও অন্যান্য অংশ খুলে সতর্কতার সঙ্গে ছানাটিকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়।
প্রাণী উদ্ধারকারীদের মতে, শীতের সময়ে বা রাতে উষ্ণতার আশায় বিড়াল ও অন্যান্য ছোট প্রাণী প্রায়ই গাড়ির ইঞ্জিনের ভেতরে আশ্রয় নেয়, যা তাদের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
উদ্ধারকারী সামাজিক সংগঠন কারভিল পেটস অ্যালাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, দীর্ঘ এই পথ পরিক্রমার পর বিড়ালছানাটি এখন সম্পূর্ণ নিরাপদে আছে। তাকে প্রয়োজনীয় খাবার ও উষ্ণ আশ্রয়ে রাখা হয়েছে এবং বর্তমানে সে সুস্থ রয়েছে।
আরটিভি/এআর




