
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মারি’ ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সৈকতগুলোতে ভয়াবহ রূপ দেখা দিয়েছে। লেবার ডে-র ছুটির সপ্তাহান্তে তীব্র স্রোত ও বিশালাকার ঢেউয়ের কারণে উপচে পড়া প্লাবন সৃষ্টি হওয়ায় সাধারণ সাঁতারু ও সারফারদের জন্য মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ক্যালিফোর্নিয়া উপকূল থেকে শত শত মাইল দূরে অবস্থান করলেও মারির প্রভাবে সমুদ্রের পরিবেশ জীবনঘাতী হয়ে উঠেছে। দক্ষিণমুখী একাধিক সৈকতে অন্তত ১০ ফুট (৩ মিটার) উঁচু ঢেউ আছড়ে পড়ছে। উদ্ধারকারী লাইফগার্ডদের তথ্যানুযায়ী, বিশেষ করে সাগরের তলদেশের তীব্র বিপরীতমুখী স্রোত বা ‘রিপ কারেন্ট’ এখন চরম ঝুঁকিপূর্ণ।
আবহাওয়াবিদ রোজ শোয়েনফেল্ড জানান, সরাসরি স্থলভাগে আঘাত না হেনে রোববার (৬ সেপ্টেম্বর) রাতের মধ্যেই মারি দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে দুর্বল হওয়ার আগে এটি লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। এরই মধ্যে অঞ্চলটির কিছু অংশে এক ইঞ্চির চারভাগের একভাগ পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে লাইফগার্ডদের নজরদারির বাইরে সাঁতার কাটা এবং পাথুরে বাঁধের ওপর অবস্থান করা থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ওয়েদার সার্ভিস।
একই সঙ্গে লং বিচ সিটির স্বাস্থ্য কর্মকর্তা রোববার এক বিশেষ বুলেটিনে আগামী তিন দিন সব ধরনের সৈকত ও উপসাগরে সাঁতার কাটা থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। বৃষ্টিপাতের ফলে ড্রেন ও নদীর ময়লা পানি সাগরে গিয়ে সুপেয় পানি ও সৈকতের পরিবেশ দূষিত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে অরেঞ্জ কাউন্টির সিল বিচে জীবন ও সম্পত্তি রক্ষায় দুটি প্রধান পার্কিং লট বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস থেকে ৪০ মাইল দক্ষিণে অবস্থিত নিউপোর্ট বিচের লাইফগার্ড ব্যাটালিয়ন চিফ অ্যাডাম ইয়াসেন্দা জানান, বিপজ্জনক পরিস্থিতির মাঝেও শুধুমাত্র শনিবারেই তারা ১৭৭ জন সাঁতারুকে সাগর থেক উদ্ধার করেছেন। সৈকত জুড়ে রেড এলার্ট জারি করা হয়েছে এবং কেবল দক্ষ সারফার ছাড়া সাধারণ কাউকে পানিতে নামতে নিষেধ করা হয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সৈকত এলাকার নিম্নভূমির রাস্তাঘাট, সাইকেল ট্রেইল ও বাড়িঘরে সামুদ্রিক জলোচ্ছ্বাসের যে শঙ্কা তৈরি হয়েছে, তা আগামী আরও কয়েক দিন বজায় থাকতে পারে।
আরটিভি/এআর




