
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে নতুন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘পেনা’।
শুক্রবার (৬ নভেম্বর) হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণে ঝড়টির সৃষ্টি হয়। তবে এটি হাওয়াই উপকূল থেকে দূরে অবস্থান করবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার। এটি হাওয়াইয়ের সাউথ পয়েন্ট থেকে প্রায় ১ হাজার ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং জনস্টন দ্বীপ থেকে প্রায় ২ হাজার ১৭৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থান করছে।
ঝড়টি ঘণ্টায় ১৯ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আগামী এক দিন ঝড়টির শক্তি বাড়তে পারে। তবে এরপর আগামী সপ্তাহ পর্যন্ত এর শক্তিতে বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই।
পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি হাওয়াই উপকূল থেকে দূরে থাকবে। এ কারণে এখন পর্যন্ত কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। স্থলভাগেও ঝড়টির কোনো প্রভাব পড়েনি।
এদিকে এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরে চলতি বছর ঘূর্ণিঝড়ের সক্রিয়তা বেশি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এবিসি নিউজ
আরটিভি/জেএমএ

