
আলাস্কার বেরিং সাগরের হিমশীতল পানিতে উল্টে যাওয়া একটি নৌকার ওপর টানা দুই দিন কাটানোর পর ১৫ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় তার বড় ভাই ও এক চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
উদ্ধার পাওয়া ওই কিশোরের নাম ডেরেক পার্কার আগনাঙ্গা। কোস্টগার্ড জানায়, গত ৪ সেপ্টেম্বর আলাস্কার উপকূলের সেন্ট লরেন্স দ্বীপ থেকে ১৮ ফুটের একটি নৌকায় মাছ ধরতে বেরিয়েছিল ওই তিন ভাই। কিন্তু নির্ধারিত সময়ে ফিরে না আসায় অনুসন্ধান শুরু করে কোস্টগার্ড।
সোমবার(৭ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের একটি বিমান উল্টে যাওয়া নৌকাটি শনাক্ত করে। তখন ওই কিশোর উল্টে থাকা অ্যালুমিনিয়ামের নৌকার ওপর একা বসে ছিল। কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাঁর বড় ভাই ও চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকারী নৌকার ক্যাপ্টেন অ্যাডাম হোয়াইট জানান, উদ্ধার করার সময় কিশোরটি প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারের মধ্যে সমুদ্রের প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উল্টে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরেছিল। তখন তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে হাইপোথার্মিয়া দেখা দিয়েছিল। খাবারের পাশাপাশি পানির চরম সংকট থাকলেও কিশোরটি হাল ছাড়েনি।
কিশোরটির মা ভিনা কুলোউইয়ি জানান, তাদের সাইবেরিয়ান ইউপিক সংস্কৃতির অংশ হিসেবে গ্রামবাসীর খাবারের সংস্থানে সাগরে গিয়েছিল তারা। সাভোঙ্গা গ্রামের মানুষের জন্য মাছ ও মাংস সংগ্রহের ঐতিহ্য ধরে রাখতেই এই অভিযাত্রা ছিল।
ছেলে বেঁচে ফেরায় স্বস্তি প্রকাশ করে মা আরও বলেন, উল্টে যাওয়া নৌকায় একা বসে থাকা অবস্থায় সে ভয় না পেয়ে কেবল প্রার্থনা করে গেছে। উদ্ধার হওয়া কিশোরটি এখন নিজ বাড়িতে সুস্থ হয়ে উঠছে।
আরটিভি/এআর


