
কানাডায় স্কুলে হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশে মানুষ হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম জেমস কোডি ব্রায়ান্ট। তার বয়স ৩০ বছর এবং তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। এফবিআই জানিয়েছে, তিনি নিজেকে নারী হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, গত ১০ ফেব্রুয়ারি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ এলাকায় ভয়াবহ হামলা চালান ১৮ বছর বয়সী জেসি ভ্যান রুটসেলার। প্রথমে তিনি নিজের মা ও ১১ বছর বয়সী সৎভাইকে হত্যা করেন। পরে টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষককে হত্যা করেন। নিহত শিক্ষার্থীদের মধ্যে তিনজন ১২ বছর বয়সী মেয়ে এবং দুইজন ছেলে ছিল। তাদের একজনের বয়স ১২ এবং অন্যজনের ১৩ বছর।
হামলার পর ভ্যান রুটসেলার আত্মহত্যা করেন। এ ঘটনায় আরও দুই শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। কানাডার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলাগুলোর একটি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ব্রায়ান্টের সঙ্গে হামলাকারীর অনলাইনে নিয়মিত যোগাযোগ ছিল। তারা প্রায় তিন বছর আগে ওমেগল নামের একটি ভিডিও যোগাযোগের মাধ্যমে পরিচিত হন। পরে ডিসকর্ডের মাধ্যমে তাদের যোগাযোগ অব্যাহত থাকে। তবে তাদের কখনো সরাসরি দেখা হয়েছিল—এমন কোনো তথ্য নেই।
কর্মকর্তারা জানান, ব্রায়ান্ট হামলাকারীকে অর্থ ও বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। এমনকি হামলার দৃশ্য সরাসরি প্রচার করতেও সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। যদিও কয়েকবার তিনি হামলাকারীকে হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন, তবু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হামলার পরিকল্পনার কথা জানাননি।
ওয়াশিংটনের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি নিল ফ্লয়েড বলেন, ব্রায়ান্টের কাছে হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর তথ্য ও সুযোগ দুটিই ছিল। এমনকি হামলাকারীর সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হয়েছিল। কিন্তু তিনি পুলিশকে জানানোর পরিবর্তে একজন হত্যাকারীকে উৎসাহ ও সহায়তা করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, হামলার দিন নিজের মা ও সৎভাইকে হত্যার পর ভ্যান রুটসেলার গাড়ি চালু করতে সমস্যায় পড়েন। তখন ব্রায়ান্ট গাড়ি চালু করার বিষয়ে তাকে পরামর্শ ও সহায়তা দেন, যাতে সে বিদ্যালয়ে গিয়ে শিশুদের হত্যা করতে পারে।
এফবিআইয়ের সিয়াটল কার্যালয়ের বিশেষ এজেন্ট মাইক হেরিংটন বলেন, হামলাকারী চেয়েছিলেন হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার যত বেশি সম্ভব মানুষ দেখুক। তবে তার সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন উপস্থিতি ছিল না। ব্রায়ান্টের সহায়তা না থাকলে হামলাকারী শেষ পর্যন্ত হামলা চালাতেন কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
হামলার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছিল টুইচে। তবে সম্প্রচারটি মাত্র প্রায় ২০ সেকেন্ড চলার পর বন্ধ হয়ে যায়। অভিযোগপত্র অনুযায়ী, ব্রায়ান্টের বলে মনে হওয়া একটি হিসাবই ওই সম্প্রচারটি দেখেছিল।
অভিযোগ অনুযায়ী, হামলার আগে ব্রায়ান্ট ও ভ্যান রুটসেলারের মধ্যে হওয়া কথোপকথনে ব্রায়ান্ট তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তার পরিকল্পনার কথা কাউকে জানাবেন না। আবার হামলা নিয়ে সন্দেহ হলে সেটিকে সংকেত হিসেবে নেওয়ার পরামর্শও দিয়েছিলেন।
বিদেশে মানুষ হত্যার ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে ব্রায়ান্টের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। আদালতের নথিতে সেদিন বিকেল পর্যন্ত তার পক্ষে কোনো আইনজীবীর নাম পাওয়া যায়নি।
ব্রিটিশ কলাম্বিয়া রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার এলিজা রেইন বলেন, টাম্বলার রিজের এই ঘটনায় পরিবার, বন্ধু, শিক্ষার্থী, শিক্ষক, উদ্ধারকর্মী ও পুরো সম্প্রদায়ের জীবন চিরতরে বদলে গেছে।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


