
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক নারী ও তার শিশুকে ফেলে দেওয়ার ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার অলিনভিল অ্যাভিনিউয়ের ২৫৫০ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ও শিশুটিকে নিচে পড়ে যাওয়ার কারণে হওয়া আঘাতের চিহ্নসহ দেখতে পায়।
পুলিশ সূত্র জানায়, ওই নারী তখন এক বছরের কম বয়সী মেয়েশিশুটিকে কোলে ধরে ছিলেন। এ অবস্থায় দুজনকেই বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। শিশুটি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ পর হুডি পরা এক ব্যক্তিকে ওই এলাকা থেকে চলে যেতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থলের আশপাশের নজরদারি ক্যামেরার ভিডিও পরীক্ষা করছে। তদন্তকারীদের ধারণা, ভিডিওতে দেখা ব্যক্তিই মা ও শিশুটিকে বারান্দা থেকে ফেলে দিতে পারেন।
তবে ওই নারীর সাবেক প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এখন পর্যন্ত পুলিশ ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। হুডি পরা অবস্থায় এলাকা থেকে চলে যাওয়া ব্যক্তির সঙ্গে সাবেক প্রেমিকের কোনো যোগসূত্র পাওয়া গেছে কি না, সেটিও স্পষ্ট নয়।
ঘটনার আগে ওই নারীর অ্যাপার্টমেন্টে গোলমালের শব্দ শুনেছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ সূত্র আরও জানিয়েছে, ওই ঠিকানায় আগে পারিবারিক সহিংসতার ইতিহাস রয়েছে।
তবে নারী ও শিশুটি ঠিক কত তলা থেকে নিচে পড়ে যান, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


