ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ শহরে বাড়ির দাম কমেছে, ব্যতিক্রম টলেডো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম
অকল্যান্ড । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ শতাংশ শহরে গত এক বছরে বাড়ির দাম কমেছে। তবে এই প্রবণতার বিপরীতে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে আবাসনের দাম বেড়েছে। এর মধ্যে ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহর রয়েছে সবার ওপরে। সেখানে এক বছরে বাড়ির দাম বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

স্মার্টঅ্যাসেটের সাম্প্রতিক এক সমীক্ষায় যুক্তরাষ্ট্রের ১০০টি প্রধান শহরের আবাসন বাজারের চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, টলেডোর পরেই রয়েছে নেব্রাস্কা অঙ্গরাজ্যের লিংকন শহর। সেখানে গত এক বছরে বাড়ির দাম বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। অন্যদিকে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতে দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, টলেডোতে বাড়ির দাম বাড়ার অন্যতম কারণ সাশ্রয়ী জীবনযাত্রা। স্মার্টঅ্যাসেটের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে শহরটির একটি সাধারণ বাড়ির গড় দাম ছিল ১ লাখ ২৬ হাজার ২৭০ ডলার। বড় শহরগুলোতে বাড়ির দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা এখন তুলনামূলক কম দামের শহরগুলোর দিকে ঝুঁকছেন।

বাজারে বাড়ির সরবরাহ সীমিত থাকায় টলেডোতে চাহিদাও বেড়েছে। একইভাবে লিংকন শহরের আবাসন বাজারেও বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। সেখানে একটি সাধারণ বাড়ির গড় দাম প্রায় ২ লাখ ৮৫ হাজার ডলার। বাজারে বিক্রির জন্য বাড়ির সংখ্যা বাড়লেও গত এক বছরে বিক্রয়মূল্য বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

যেসব শহরে কমেছে বাড়ির দাম

মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে বাড়ির দাম বাড়লেও যুক্তরাষ্ট্রের সামগ্রিক আবাসন বাজারের চিত্র ভিন্ন। সমীক্ষা অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির প্রায় ৭০ শতাংশ শহরে বাড়ির দাম কমেছে।

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে দাম কিছুটা বাড়লেও কাছের শহর অকল্যান্ডে বাড়ির দাম কমেছে সবচেয়ে বেশি—৯ দশমিক ১ শতাংশ। এ ছাড়া ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ ও নেপলস শহরেও বাড়ির দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। টেক্সাসের অস্টিনে দাম কমেছে প্রায় ৬ শতাংশ।

বিলাসবহুল বাড়ির বাজারে উল্টো চিত্র

সাধারণ আবাসন বাজারে দাম কমলেও যুক্তরাষ্ট্রের বিলাসবহুল এলাকাগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন প্রবণতা। প্রপার্টিশার্কের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার অ্যাথারটন শহর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এমন এলাকায় পরিণত হয়েছে, যেখানে গড় বাড়ি বিক্রির মূল্য ১ কোটি ডলার ছাড়িয়েছে।

সিলিকন ভ্যালির প্রযুক্তি খাতের ধনকুবেরদের পছন্দের এই এলাকায় গত এক বছরে বাড়ির দাম বেড়েছে ২৯ শতাংশ। প্রতিবেদনের লেখক এলিজা থিসের মতে, ধনী ক্রেতারা অর্থনৈতিক মন্দা ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব তুলনামূলক কম অনুভব করেন। এ কারণে বিলাসবহুল বাড়ির বাজারে প্রবৃদ্ধি বজায় থাকতে পারে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের হ্যাম্পটনস এলাকার সাগাপোনাক ও ব্রিজহ্যাম্পটনও বিলাসবহুল বাড়ির দামের তালিকায় ওপরের দিকে রয়েছে। তবে এই বাজারেও সব জায়গায় দাম বাড়েনি। মায়ামি সৈকতের ফিশার আইল্যান্ডে গত এক বছরে বাড়ির গড় দাম কমেছে ২৪ শতাংশ। ফলে আগের বছর শীর্ষে থাকা এলাকাটি এবার তৃতীয় স্থানে নেমে এসেছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একদিকে সাধারণ শহরগুলোতে বাড়ির দাম কমছে, অন্যদিকে কিছু সাশ্রয়ী শহর ও ধনীদের পছন্দের এলাকায় দাম বাড়ছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলের আবাসন বাজারে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্রে করোনাকালীন সরকারি আর্থিক সহায়তার ১ কোটি ৮০ লাখ ডলার (১৮ মিলিয়ন ডলার) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
ট্রাম্প বলেন, ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর তিক্ত হয়ে গেলে আমি ইসরায়েলে চলে যাবেন এবং দেশটির প্রধানমন্ত্রী হবো।
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই শিশুকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার।
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
আরও পড়ুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের