ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে গুলিবর্ষণ, হামলাকারীকে থামালেন শিক্ষক ও এক বাবা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ এএম
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের সিলভার রেইল প্রাথমিক বিদ্যালয়।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় এক শিক্ষক ও তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু ও একজন শিক্ষক আহত হয়েছে। তবে শ্রেণিকক্ষে হামলাকারীকে বাধা দেন এক শিক্ষিকা। পরে দুই সন্তানের এক বাবা বৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেন। পুলিশের মতে, তাদের সাহসী পদক্ষেপে আরও প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওরেগনের বেন্ড শহরের সিলভার রেইল প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলাকারী ১৬ বছর বয়সী গ্রিফিন জে জন দ্বিতীয়। সে ওই বিদ্যালয়ের সাবেক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ছিল।

হামলায় নিহত শিক্ষকের নাম মেগান ল্যামবার্ট। তার বয়স ২৫ বছর। নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। আহত ৭ বছর বয়সী এক শিশুর অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে। আহত অন্য শিক্ষকের অবস্থাও গুরুতর, তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হামলার সময় শ্রেণিকক্ষে থাকা এক শিক্ষিকা প্রথমে নিজের মুঠোফোন ছুড়ে হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপর তিনি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লড়াই শুরু করেন। এতে হামলাকারীর গতিরোধ হয়।

বেন্ড শহরের পুলিশপ্রধান মাইক ক্রান্টজ সংবাদ সম্মেলনে বলেন, ওই শিক্ষিকার সাহসী পদক্ষেপ আরও রক্তপাত ঠেকাতে প্রায় নিশ্চিতভাবেই ভূমিকা রেখেছে। নিজের শিক্ষার্থীদের রক্ষায় দাঁড়িয়ে লড়াই করার জন্য তিনি শিক্ষিকাকে প্রকৃত বীর বলে অভিহিত করেন। তবে নিরাপত্তার কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এ সময় দুই সন্তানের ৩৬ বছর বয়সী এক বাবা বৈধভাবে রাখা পয়েন্ট ৪০ ক্যালিবারের একটি পিস্তল নিয়ে শ্রেণিকক্ষে ছুটে যান। তিনি হামলাকারীকে লক্ষ্য করে একাধিক গুলি চালান। এতে পুলিশের পৌঁছানোর আগেই হামলাকারী নিহত হয়।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ওই ব্যক্তির মা কেন্ডা ফ্রিম্যান জানান, তার ছেলে কেলুব জিয়ামাঙ্কো হামলাকারীকে হত্যা করেছেন। তার দুই মেয়ে ওই বিদ্যালয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিয়ামাঙ্কো স্বীকৃতি চান না। বরং উদ্ধারকর্মী, বিদ্যালয়ের কর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার আগে কিশোরটিকে বিদ্যালয়ের বেড়ার ওপর দিয়ে আগ্নেয়াস্ত্র ছুড়ে ফেলতে দেখা যায়। এরপর সে বেড়া টপকে বিদ্যালয়ের ভেতরে ঢোকে। পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চালক তাকে মৌখিকভাবে বাধা দিলে সে ওই গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

এরপর কাচের তৈরি বন্ধ দরজায় গুলি চালিয়ে সে বিশেষ চাহিদাসম্পন্ন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চলা একটি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। সেখানে সে প্রায় ১৫টি গুলি ছোড়ে। পুলিশ জানায়, তার কাছে আরও ৪৪টি গুলি ছিল।

প্রথম ফোনকল পাওয়ার তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে হামলাকারী নিহত হয়েছিল।

পুলিশপ্রধান ক্রান্টজ বলেন, হামলার পেছনে কী কারণ ছিল এবং কিশোরটি কীভাবে মাভেরিক ৮৮ মডেলের ১২ গেজ পাম্প-অ্যাকশন বন্দুকটি পেয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, সবাই জানতে চান কেন এমন ঘটনা ঘটল, পুলিশও তার উত্তর খুঁজছে। তবে পুরো ঘটনার কারণ হয়তো কখনোই জানা সম্ভব নাও হতে পারে।

প্রায় এক লাখ মানুষের শহর বেন্ডে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিদ্যালয়ের বাইরে ফুল ও মোমবাতি রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয়ের কাছাকাছি বসবাসকারী ৭১ বছর বয়সী মাইকেল জাপা বলেন, ওই বাবা অনেকের জীবন বাঁচিয়েছেন। তার জন্য প্রার্থনা করা উচিত, কারণ এমন ঘটনার পর তার ওপরও মানসিক চাপ তৈরি হয়েছে।

নিহত শিক্ষিকা মেগান ল্যামবার্টের পরিবার জানিয়েছে, সিলভার রেইল বিদ্যালয়ে কাজ করা ছিল তার স্বপ্নের চাকরি। তিনি সব সময় পিছিয়ে থাকা মানুষ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে দাঁড়াতেন। পরিবারটি হামলাকারীকে থামানো জিয়ামাঙ্কোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে এবং তাকে বীর হিসেবে অভিহিত করেছে।

হামলার সময় পাশের একটি শ্রেণিকক্ষে থাকা ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কালানি জার্নেইগ রয়টার্সকে জানায়, গুলির শব্দ শুনে তারা সবাই চিৎকার করছিল এবং খুব ভয় পেয়েছিল। তার আশঙ্কা হয়েছিল, তারাও মারা যেতে পারে। তার এক বন্ধু ঘটনার মানসিক আঘাত কাটিয়ে উঠতে চিকিৎসকের সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় সে।

যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। বিদ্যালয়ে বন্দুক ছোড়া বা প্রদর্শন কিংবা বিদ্যালয়ের সম্পত্তিতে গুলি লাগার ঘটনা নিয়ে কাজ করা একটি বেসরকারি তথ্যভান্ডারের হিসাবে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৪৯টি ঘটনায় ১১৮ জন আহত বা নিহত হয়েছেন।

অন্য একটি তথ্যভান্ডার গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৭১টি ব্যাপক গুলিবর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তাদের সংজ্ঞা অনুযায়ী, হামলাকারীকে বাদ দিয়ে অন্তত চারজন গুলিবিদ্ধ হলে সেটিকে ব্যাপক গুলিবর্ষণ হিসেবে গণ্য করা হয়। বেন্ডের ঘটনাসহ এর মধ্যে তিনটি হামলা সরকারি বিদ্যালয়ে ঘটেছে।


সূত্র: রয়টার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা করলেই গ্রেপ্তারের ঝুঁকি, হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে যেসব নির্বাচনী কর্মকর্তা মার্কিন নাগরিক নন (অমার্কিন নাগরিক - noncitizen) এমন ভোটার হিসেবে সন্দেহভাজন ব্যক্তিদের ভোট গণনা করবেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত ও মামলা হতে পারে বলে সতর্ক করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা করলেই গ্রেপ্তারের ঝুঁকি, হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের
যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব বা মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত হয়েছেন কেটি জাকারিয়া।
যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা