
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর গোলাবারুদ কারখানায় বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসের পর পরিবেশে সিসার দূষণ ছড়িয়েছে কি না, তা পরীক্ষার ফল শুক্রবার (২৭ নভেম্বর) থেকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পরিবেশ সুরক্ষা সংস্থা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
বুধবার (২৫ নভেম্বর) কারখানাটিতে প্রায় ৫ টন পুরোনো বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। বিস্ফোরণের আগে বাতাস, পানি, মাটি ও ধুলার ১ হাজার ৫০০টির বেশি নমুনা সংগ্রহ করা হয়। পরে নেওয়া হয় আরও ১ হাজারের বেশি নমুনা।
পরিবেশ সুরক্ষা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ওই অঞ্চলে বাতাসে সিসা শনাক্ত হয়নি। বাড়ি, স্কুল, শিশু পরিচর্যা কেন্দ্র, খামার ও পানির উৎসসহ ১৩০টির বেশি স্থানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বিস্ফোরণের ফলে অন্য কোনো ক্ষতিকর উপাদান ছড়িয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/জেএমএ


