
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের হামলায় প্রাণ হারিয়েছেন ৭১ বছর বয়সী এক ব্যক্তি।
স্টিভেন হ্যামিলটন নামের ওই ব্যক্তি শুক্রবার (১৬ অক্টোবর) ফ্লোরিডার উইন্টার গার্ডেন শহরের একটি পার্কে মাছ ধরছিলেন। এ সময় একটি কুমির তাকে কামড়ে ধরে পানিতে টেনে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লোরিডা মাছ ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিশনের বিবৃতি অনুযায়ী, অরল্যান্ডো শহর থেকে প্রায় ১৫ মাইল পশ্চিমে অবস্থিত ড. ব্র্যাডফোর্ড মেমোরিয়াল পার্কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সেখানেই স্টিভেনকে মৃত ঘোষণা করা হয়।
উইন্টার গার্ডেন পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনার পর বন্যপ্রাণী সংরক্ষণ কমিশনের কর্মকর্তারা একটি কুমিরকে আটক করেন এবং সেটিকে মেরে ফেলেন। কুমিরটির দৈর্ঘ্য ছিল প্রায় ১২ ফুট।
জরুরি উদ্ধারকর্মীদের বেতার যোগাযোগের রেকর্ডে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা একজনকে কুমিরের কবলে পড়ে পানির মধ্যে টেনে নিয়ে যেতে দেখেছিলেন বলে খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
ফ্লোরিডা মাছ ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিশন জানিয়েছে, কুমিরের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনা ফ্লোরিডায় বিরল। তবে সাম্প্রতিক এই ঘটনা আবারও বন্যপ্রাণীর কাছাকাছি গেলে সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরেছে।
এর আগে গত জুনে ফ্লোরিডার লিটল বিগ ইকন স্টেট ফরেস্ট এলাকায় কুমিরের হামলায় ৩১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই নারীর একটি হাত কুমির কামড়ে বিচ্ছিন্ন করে দেয় এবং অন্য হাতেও গুরুতর আঘাত করে।
উইন্টার গার্ডেন পুলিশের ক্যাপ্টেন মাইকেল ম্যাসন সবাইকে আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্যপ্রাণীকে সম্মান করতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কোনো প্রাণীকে শান্ত দেখালেও সেটি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
ঘটনার সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদেরও পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
ফ্লোরিডার নদী, হ্রদ ও জলাভূমিতে কুমিরের উপস্থিতি থাকায় মাছ ধরতে বা বেড়াতে যাওয়ার সময় সতর্ক থাকা জরুরি। বন্যপ্রাণীর কাছাকাছি যাওয়া কিংবা তাদের শান্ত মনে করে ঝুঁকি নেওয়া প্রাণঘাতী হতে পারে।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


