
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চার সন্তানকে প্রায় তিন দিন বাড়িতে একা রেখে লাস ভেগাসে যাওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ৫০ বছর বয়সী আইরিন মিলারের বিরুদ্ধে শিশুদের অবহেলার চারটি অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) এনবিসি নিউজের বরাতে এ তথ্য জানা যায়।
স্থানীয় শেরিফের কার্যালয় জানায়, গত ২১ অক্টোবর কিসিমির বাড়ি থেকে এক শিশু জরুরি সেবা নম্বরে ফোন করে জানায়, পড়ে যাওয়া একটি ভারোত্তোলনের ওজনের আঘাতে তার ৯ বছর বয়সী ভাই আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪, ১২, ১১ ও ৯ বছর বয়সী চার শিশুকে বাড়িতে একা পায়। সেখানে তাদের দেখাশোনার জন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন না। আহত শিশুটিকে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নেওয়া হয়। তার আঘাত গুরুতর ছিল না বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
পুলিশ জানায়, আইরিন মিলার ১৮ অক্টোবর লাস ভেগাসে গিয়েছিলেন। তিনি পুলিশকে জানান, সেখানে তিনি কাজ করছিলেন এবং ২৩ অক্টোবর ফেরার কথা ছিল। সন্তানদের স্কুলে যাওয়ার প্রস্তুতি ও স্কুল থেকে ফেরার পর খোঁজখবর নিতে টাম্পা থেকে একজন পরিচর্যাকারী আসতেন বলেও দাবি করেন তিনি। তবে ওই ব্যক্তিকে রাতে শিশুদের সঙ্গে বাড়িতে থাকার নির্দেশ দেননি মিলার।
পরে শিশুদের তাদের বাবার বাড়িতে পাঠানো হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে লাস ভেগাস থেকে ফেরার পর বিমানবন্দরেই মিলারের সঙ্গে দেখা করেন তদন্তকারীরা। তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হলেও সোমবারের মধ্যে তিনি কারামুক্ত হন বলে কারাগারের নথিতে দেখা গেছে।
স্থানীয় শেরিফ ক্রিস ব্ল্যাকমন বলেন, শিশুদের অবহেলার ঘটনা সহ্য করা হবে না। এ ধরনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


