
ইসরায়েলের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য পরাজয় ঠেকাতে নিজের সমর্থনই বড় ভূমিকা রেখেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার পর নির্বাচনের পরিস্থিতি বদলে গেছে। এখন নিশ্চিত পরাজয়ের বদলে অচলাবস্থা, এমনকি নেতানিয়াহুর জয়ও হতে পারে।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ দাবি করেন ট্রাম্প। ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ও গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
দেশটির প্রধান টেলিভিশনের বুথফেরত জরিপ অনুযায়ী, চ্যানেল কান ১১ ও চ্যানেল ১৩-এর হিসাবে দুই জোটই ৫১টি করে আসন পেতে পারে। অন্যদিকে চ্যানেল ১২-এর জরিপে নেতানিয়াহুর জোট ৫২টি এবং বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে কোনো পক্ষই এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহু ডানপন্থী দলগুলোকে একজোট হয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের বিরোধিতা করেছেন তিনি। তবে আরব নেতৃত্বাধীন দুটি রাজনৈতিক জোট সম্মিলিতভাবে ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে বলে জরিপে আভাস মিলেছে।
ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। দেশটির নির্বাচন পর্যবেক্ষকেরা বুথফেরত জরিপকে নেতানিয়াহুর জোটের জন্য বড় ধাক্কা হিসেবে দেখলেও বিরোধী নেতা আইজেনকোটকে এখনই স্পষ্ট বিজয়ী বলা যাচ্ছে না। চূড়ান্ত ফল ও জোট গঠনের সমীকরণই নির্ধারণ করবে, নেতানিয়াহু ক্ষমতায় থাকতে পারবেন কি না।
সূত্র: মিডল ইস্ট আই, নিউজ১৮
আরটিভি/জেএমএ


