
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেসনাল আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইলহান ওমর। রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে হারিয়ে টানা পঞ্চমবারের মতো কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ইলহান ওমরের জয় নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, তিনি পেয়েছেন ৭৬ দশমিক ৪৮ শতাংশ ভোট (২ লাখ ৬৩ হাজার ১৬৬টি)। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন নাগেল পেয়েছেন ১৬ দশমিক ২২ শতাংশ ভোট (৫৫ হাজার ৮০৫টি)। মিনিয়াপোলিস ও আশপাশের শহরতলি নিয়ে গঠিত এই আসনটি মিনেসোটা অঙ্গরাজ্যের অন্যতম ডেমোক্র্যাট-প্রধান এলাকা।
২০১৯ সাল থেকে এই আসনের প্রতিনিধিত্ব করছেন ইলহান ওমর। গত আগস্টে দলীয় প্রাথমিক নির্বাচনেও জয় পান তিনি। মে মাসে মিনেসোটার ডেমোক্র্যাটিক-ফার্মার-লেবার পার্টির রাজ্য সম্মেলনেও তার প্রতি সমর্থন জানানো হয়।
সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা ইলহান ওমর দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী বক্তব্যের লক্ষ্যবস্তু। এর আগে ট্রাম্প তাকে নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। এমনকি তাকে আবর্জনা বলেও আখ্যা দেন এবং তদন্তের দাবি জানান।
গত মাসে ওয়াশিংটন ডিসিতে ইলহান ওমরের বাসায় অভিযান চালান যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের তদন্তকারীরা। শৈশবে তার মৃত বাবার জমা দেওয়া অভিবাসনসংক্রান্ত কাগজপত্র নিয়ে তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।
এ ঘটনাকে ক্ষমতার ভয়াবহ অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করতে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারের নজিরবিহীন পদক্ষেপ বলে সমালোচনা করেন ইলহান ওমর।
অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী জন নাগেল মিনেসোটা অঙ্গরাজ্যের সাবেক পুলিশ কর্মকর্তা। নির্বাচনী প্রচারে তিনি সরকারি অর্থের অপব্যবহার ঠেকানো, চিকিৎসা সুবিধা সুরক্ষা, স্বাস্থ্যসেবা সংস্কার, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সূত্র: সিবিএস নিউজ
আরটিভি/জেএমএ


