
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা যত এগোচ্ছে, ততই প্রতিনিধি পরিষদে নিজেদের অবস্থান শক্তিশালী করছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে দলটি পেয়েছে ২৫৩টি আসন। অন্যদিকে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ১৫৭টি আসন। এখনও ২৫টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ২২ মিনিট) পর্যন্ত পাওয়া ফলাফলের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
শুধু প্রতিনিধি পরিষদ নয়, সিনেটেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ডেমোক্র্যাটরা। দলটির সঙ্গে থাকা দুজন স্বতন্ত্র সদস্যসহ তাদের মোট আসন দাঁড়িয়েছে ৫৪টি। অন্যদিকে রিপাবলিকানদের আসন ৪৪টি। সিনেটের আরও দুটি আসনের ফল এখনো ঘোষণা হয়নি।
এছাড়া গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটরা ২৮টি এবং রিপাবলিকানরা ২০টি পদে জয় পেয়েছে। আলাস্কা ও কানসাসে গভর্নর নির্বাচনের ফল এখনো চূড়ান্ত হয়নি।
প্রতিনিধি পরিষদের নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে রিপাবলিকান প্রার্থীদের হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা।
নিউ জার্সির দ্বিতীয় নির্বাচনী এলাকায় রিপাবলিকান প্রার্থী জেফ ভ্যান ড্রুকে হারিয়েছেন ডেমোক্র্যাট জ্যাক মুলক। ৯৭ শতাংশ ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ।
নিউইয়র্কের ১৭তম নির্বাচনী এলাকায় রিপাবলিকান প্রার্থী মাইক ললারকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট কেইট কনলি। তিনি পেয়েছেন ৫২ দশমিক ৮ শতাংশ ভোট। শুক্রবার স্থানীয় সময় রাত ২টা ১২ মিনিটে এ আসনে তাঁর জয় নিশ্চিত করে অ্যাসোসিয়েটেড প্রেস।
ওহাইওর দশম নির্বাচনী এলাকায় রিপাবলিকান প্রার্থী মাইক টার্নারকে হারিয়েছেন ডেমোক্র্যাট ক্রিস্টিনা নিকারবকার। তিনি পেয়েছেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৭ দশমিক ৭ শতাংশ।
এছাড়া নর্থ ক্যারোলাইনার নবম নির্বাচনী এলাকায় রিপাবলিকান প্রার্থী রিচার্ড হাডসনকে হারিয়েছেন ডেমোক্র্যাট রিচার্ড এন. ওজেদা দ্বিতীয়। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৫১ দশমিক ১ শতাংশ ভোট।
কলোরাডো ও অ্যারিজোনাতেও রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। কলোরাডোর পঞ্চম নির্বাচনী এলাকায় জেফ ক্র্যাঙ্ককে হারিয়ে জয় পেয়েছেন জেসিকা কিলিন। তিনি পেয়েছেন ৫০ দশমিক ৫ শতাংশ ভোট।
অন্যদিকে অ্যারিজোনার ষষ্ঠ নির্বাচনী এলাকায় রিপাবলিকান প্রার্থী হুয়ান সিসকোমানিকে হারিয়েছেন জোয়ানা মেন্দোজা। ৮৯ শতাংশ ভোট গণনা শেষে তার ভোট ৫২ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে কয়েকটি নির্বাচনী এলাকায় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থীরাও।
টেনেসির নবম নির্বাচনী এলাকায় ডেমোক্র্যাট প্রার্থী জাস্টিন পিয়ারসনকে হারিয়েছেন রিপাবলিকান ব্রেন্ট টেলর। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট। পিয়ারসন পেয়েছেন ৪৮ দশমিক ৫ শতাংশ।
ইউটার চতুর্থ নির্বাচনী এলাকায় ডেমোক্র্যাট জনি লারসেনকে হারিয়ে জয় পেয়েছেন রিপাবলিকান মাইক কেনেডি। তিনি পেয়েছেন ৫৩ দশমিক ২ শতাংশ ভোট।
ওয়াশিংটনের চতুর্থ নির্বাচনী এলাকায় ডেমোক্র্যাট জন ডুরেস্কিকে হারিয়েছেন রিপাবলিকান আমান্ডা ম্যাককিনি। তার প্রাপ্ত ভোট ৫৪ দশমিক ৭ শতাংশ।
এছাড়া ফ্লোরিডার ১৩তম নির্বাচনী এলাকায় নিজের আসন ধরে রেখেছেন রিপাবলিকান প্রার্থী আনা পলিনা লুনা। ডেমোক্র্যাট প্রার্থী লিলা গ্রেকে হারিয়ে তিনি পেয়েছেন ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। গ্রে পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ।
ভোট গণনা শেষ হলে প্রতিনিধি পরিষদ, সিনেট ও গভর্নর নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরটিভি/জেএমএ


