ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম
যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান বাড়লেও তরুণদের চাকরি পাওয়া এবং দীর্ঘদিন বেকার থাকা মানুষের সংখ্যা নিয়ে উদ্বেগ কাটছে না। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে আবারও গতি ফিরেছে। অক্টোবর মাসে দেশটিতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি কর্মসংস্থান হয়েছে। একই সঙ্গে কমেছে বেকারত্বের হার। নতুন করে ১ লাখ ৬৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। এতে দেশটির শ্রমবাজার শক্তিশালী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে দেশটির বেকারত্বের হার কমে ৪ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৪ দশমিক ২ শতাংশ। অথচ এ সময়ে কাজের সন্ধানে নতুন করে অনেক মানুষ শ্রমবাজারে প্রবেশ করেছেন।

অক্টোবরে ৬৫ হাজার নতুন কর্মসংস্থান হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু বাস্তবে কর্মসংস্থান বেড়েছে ১ লাখ ৬৫ হাজার। এ ছাড়া আগস্ট ও সেপ্টেম্বরে আগের হিসাবের তুলনায় মোট ৮৪ হাজার বেশি কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে আগস্টে নতুন কর্মসংস্থানের সংখ্যা সংশোধন করে ১ লাখ ৮৬ হাজার এবং সেপ্টেম্বরে ৬০ হাজার নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে পেশাগত ও ব্যবসায়িক সেবা খাতে। এ খাতে নতুন করে ৭০ হাজার মানুষের চাকরি হয়েছে। স্বাস্থ্যসেবা খাতে কর্মসংস্থান বেড়েছে ৪২ হাজার। এ ছাড়া পরিবহন ও পণ্য সংরক্ষণ খাতে ২৫ হাজার এবং উৎপাদনশিল্পে ১৯ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট প্রযুক্তির বিস্তারের কারণে কম্পিউটার, ইলেকট্রনিক পণ্য, যন্ত্রপাতি ও ধাতব পণ্য উৎপাদন খাতে কর্মসংস্থান বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে সব খাতে কর্মসংস্থান বাড়েনি। নির্মাণ খাতে ৩ হাজার এবং বিনোদন ও আতিথেয়তা খাতে ১৩ হাজার কর্মসংস্থান কমেছে। আবাসন নির্মাণে উচ্চ সুদের হার এবং বাড়িঘর নির্মাণ ও সংস্কারের কাজ কমে যাওয়ায় নির্মাণ খাতে কর্মসংস্থান হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে নতুন এই অগ্রগতি দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও জোরালো করেছে। আর্থিক বাজারের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। বৃহস্পতিবার এ সম্ভাবনা ছিল ৬৬ দশমিক ৯ শতাংশ।

গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছিল। আগামী মঙ্গলবার অক্টোবরে ভোক্তা মূল্যস্ফীতির তথ্য প্রকাশিত হওয়ার কথা। নতুন এই তথ্যের ভিত্তিতে ২০২৭ সালের শুরুতে সুদের হার নির্ধারণের বিষয়ে আরও ধারণা পাওয়া যেতে পারে।

কর্মসংস্থান বাড়লেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে কিছু উদ্বেগ রয়ে গেছে। বিশেষ করে তরুণদের চাকরি পাওয়া কঠিন হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় প্রাথমিক পর্যায়ের কিছু চাকরির সুযোগ কমে যাচ্ছে। পাশাপাশি নিয়োগদাতারা অভিজ্ঞ কর্মীদের নিয়োগের দিকে বেশি ঝুঁকছেন।

অক্টোবরে বেকার ব্যক্তিদের চাকরি খোঁজার মধ্যম সময় বেড়ে ১১ দশমিক ৯ সপ্তাহে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ সময় ছিল ১১ দশমিক ৫ সপ্তাহ। এ ছাড়া অন্তত ছয় মাস ধরে বেকার থাকা মানুষের সংখ্যাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

অর্থনৈতিক কারণে খণ্ডকালীন কাজ করতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৪৮ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যারা চাকরি চান কিন্তু কাজ খোঁজা বন্ধ করে দিয়েছেন এবং যারা পূর্ণকালীন কাজ না পেয়ে খণ্ডকালীন কাজ করছেন, তাদের হিসাবসহ বেকারত্বের বিস্তৃত হার বেড়ে ৭ দশমিক ৯ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ।

এদিকে অক্টোবরে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি মজুরি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে এ বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ২ শতাংশ। তবে একই সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৭ শতাংশ। ফলে মজুরি বাড়লেও মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী থাকলেও নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো এখনও সতর্ক। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ঘিরে অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মী নিয়োগের চাহিদায় পরিবর্তন এর অন্যতম কারণ।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার বিশাল তোরণ নির্মাণের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম।
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
মেক্সিকোর কাছে ১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
মেক্সিকোর কাছে ১০৮ কোটি ডলার (প্রায় ১ দশমিক ০৮ বিলিয়ন ডলার) মূল্যের ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 
মেক্সিকোর কাছে ১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা যত এগোচ্ছে, ততই প্রতিনিধি পরিষদে নিজেদের অবস্থান শক্তিশালী করছে ডেমোক্র্যাটরা।
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩
অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 
সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের মিশিগানের এক কর্মীর পাশে দাঁড়িয়েছেন হাজারও মানুষ।
অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 
আরও পড়ুন
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
মেক্সিকোর কাছে ১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩