ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনকার্ডের প্রলোভনে যৌন প্রস্তাব, আইস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইস) এক কর্মকর্তার বিরুদ্ধে লেবাননি নারীকে যৌন হয়রানি এবং যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিনকার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাবের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই নারীর স্বামীকে কারাদণ্ড দেওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

মার্কিন সাময়িকী নিউজউইকের ১৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জানা গেছে, টেক্সাসের একটি অভিবাসন আটক কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। তবে অভিযোগগুলো অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ। অভিযোগকারী ২১ বছর বয়সী লেবানিজ নারী রাহাফ আলি আলমেরহিজ, যিনি লুসি ওয়াইজ নামেও পরিচিত। তিনি নিজের পরিচয় প্রকাশে সম্মতি দিয়ে অভিযোগ করেছেন, আইসের বহিষ্কার কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা মার্কেল ওয়ালেস তার অভিবাসন পরিস্থিতির সুযোগ নিয়ে যৌন হয়রানি করেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে ওই নারী যখন অভিবাসনসংক্রান্ত আইনি জটিলতার মধ্যে ছিলেন, তখন কর্মকর্তা ওয়ালেস মামলার বিষয়ে আলোচনার কথা বলে তাকে টেক্সাসের রেমন্ডভিল শহরের এল ভ্যালে আটক কেন্দ্রে ডেকে পাঠান। পরে তাকে কেন্দ্রের ভেতরে একটি নির্জন কক্ষে নিয়ে যাওয়া হয়।

ওই নারীর দাবি, কক্ষে নেওয়ার পর কর্মকর্তা তার সম্মতি ছাড়াই যৌন উদ্দেশ্যে শারীরিক স্পর্শ করেন এবং তাকে বিবস্ত্র করার চেষ্টা করেন। তিনি বারবার আপত্তি জানিয়ে থামতে বললেও কর্মকর্তা তার কথা শোনেননি বলে অভিযোগ করেছেন।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ওই কর্মকর্তা যৌন সম্পর্কের বিনিময়ে তাকে গ্রিনকার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে রাজি না হলে তার স্বামীকে কারাগারে পাঠানো এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই কর্মকর্তার বক্তব্য ছিল, তিনিই একমাত্র ব্যক্তি, যিনি তার অভিবাসনসংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।

অভিযোগকারী নারীর ভাষ্য অনুযায়ী, সে সময় তিনি একজন আটক ব্যক্তি ছিলেন। অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তা তার অভিবাসন মামলা, মুক্তি এবং চিকিৎসাসংক্রান্ত বিষয়ে প্রভাব বিস্তারের ক্ষমতা রাখতেন। ফলে ক্ষমতার এই অসম অবস্থানের কারণে কর্মকর্তার নির্দেশ অমান্য করা কিংবা পরিস্থিতি থেকে বেরিয়ে আসা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। অভিযোগ রয়েছে, কর্মকর্তা নিজের সরকারি পদমর্যাদা ও ওই নারীর অনিশ্চিত অভিবাসন পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার ওপর চাপ সৃষ্টি করেন। এ সময় নিজের ব্যক্তিগত মুঠোফোন নম্বরও দেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর বেশ কয়েক মাস বিষয়টি গোপন রেখেছিলেন ওই নারী। ভয়, লজ্জা এবং দাম্পত্য সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় তিনি স্বামীকেও প্রথমে কিছু জানাননি। পরে আগস্টের শেষ দিকে স্ত্রীর এক বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পারেন তার স্বামী স্যাম ওয়াইজ।

নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে স্যাম ওয়াইজ বলেন, স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। স্ত্রীকে রক্ষা করতে না পারার অপরাধবোধও তাকে কষ্ট দিচ্ছে। তবে এ ঘটনার জন্য তার স্ত্রী কোনোভাবেই দায়ী নন বলে উল্লেখ করেন তিনি। স্ত্রীর সাহসের প্রশংসা করে ভবিষ্যতেও তার পাশে থাকার কথা জানিয়েছেন স্যাম।

প্রতিবেদন অনুযায়ী, রাহাফ আলি আলমেরহিজ যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন। পাশাপাশি তিনি তার স্বামীর দাঁতের চিকিৎসাকেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্বেও ছিলেন। তবে অভিবাসনসংক্রান্ত পরিস্থিতির কারণে তার যুক্তরাষ্ট্রে অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে।

গত ১ মে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের অনুমতি পাওয়ার পর বর্তমানে তিনি মেক্সিকোতে বসবাস করছেন। অন্যদিকে তার স্বামী স্যাম ওয়াইজ এখনো টেক্সাসে অবস্থান করছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী।

এদিকে অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র নিউজউইককে জানিয়েছেন, এল ভ্যালে আটক কেন্দ্রে অসদাচরণের অভিযোগগুলো মিথ্যা। সংস্থাটি এ ধরনের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্রগুলোতে বন্দিদের নিরাপত্তা, সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার এবং অভিবাসনপ্রত্যাশীদের অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে যেসব ব্যক্তি আইনি সহায়তা ছাড়া অভিবাসন মামলার মুখোমুখি হন, তাদের নিরাপত্তা ও অভিযোগ জানানোর সুযোগ কতটা কার্যকর—সেই বিষয়টিও আলোচনায় এসেছে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর চাকরিপ্রত্যাশীদের জন্য একটি বিশেষ তথ্যভিত্তিক সেশনের ঘোষণা দেওয়া হয়েছে।
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা জানা প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনে পার্টটাইম চাকরির সুযোগ দিয়েছে প্রশাসন। সম্প্রতি নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে খণ্ডকালীন টিউটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনকারীদের জন্য বাংলা ভাষায় দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
দূরপাল্লার যাত্রায় উড়োজাহাজ আর স্বল্প দূরত্বে গাড়ি এটাই এত দিন ছিল যাতায়াতের প্রচলিত চিত্র। তবে এবার মাঝারি দূরত্বের যাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ। রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গা থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এমনই একটি উড়োজাহাজ তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইলেকট্রা। ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির তৈরি উড়োজাহাজটির নাম ‘ইএল৯ আল্ট্রা শর্ট’। এর বিশেষত্ব হলো, প্রচলিত বিমানের মতো দীর্ঘ রানওয়ের প্রয়োজন হবে না। হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা শপিং মলের পার্কিংয়ের মতো মাত্র ১৫০ ফুট সমতল জায়গা থেকেই এটি ওঠানামা করতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে উড়োজাহাজটির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাবনার নানা দিক। ইলেকট্রার তৈরি এই উড়োজাহাজে রয়েছে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর। এতে একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড মালামাল পরিবহন করা সম্ভব। একবার উড্ডয়নের পর এটি টানা ৩৮০ মাইল পর্যন্ত উড়তে পারে। উড়োজাহাজটির বিশেষ প্রযুক্তি হলো, আকাশে ওড়ার সময়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত উড়োজাহাজের তুলনায় এটি ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে। অন্যদিকে হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ। শব্দদূষণও হবে তুলনামূলক কম। ডানায় বসানো আটটি পাখার সাহায্যে ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে এটি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ-ছয়তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছানোর সক্ষমতাও রয়েছে এর। উড়োজাহাজটি বাণিজ্যিকভাবে চালু হলে মাঝারি দূরত্বের যাতায়াতে বড় পরিবর্তন আসতে পারে। যাত্রীদের আর বড় বিমানবন্দরে যেতে হবে না কিংবা দীর্ঘ যানজটে সময় নষ্ট করতে হবে না। ছোট পরিসরের অবকাঠামো ব্যবহার করেই যাত্রী ওঠানামা করানো সম্ভব হবে। গত বছরের অক্টোবরে নিউইয়র্কে পানির ওপর ভাসমান ৩০০ ফুট দীর্ঘ একটি বার্জে উড়োজাহাজটির ছোট সংস্করণ সফলভাবে ওঠানামার পরীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। ইলেকট্রার দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কে যেতে উড়োজাহাজটিতে সময় লাগতে পারে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। একই পথে গাড়ি কিংবা প্রচলিত ফ্লাইটে যাতায়াতের তুলনায় সময় উল্লেখযোগ্যভাবে কম লাগবে। ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন প্রতিষ্ঠান উড়োজাহাজটির ২ হাজার ২০০টির বেশি ইউনিটের আগাম অর্ডার দিয়েছে বলে দাবি করেছে ইলেকট্রা। এসব অর্ডারের সম্ভাব্য মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে এর চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সাল নাগাদ সাধারণ যাত্রীদের জন্য এটি চালু হতে পারে। শুধু বেসামরিক পরিবহন নয়, সামরিক ক্ষেত্রেও উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এটি কেনার জন্য চুক্তি করেছে। দুর্গম এলাকায় রসদ পরিবহনের পাশাপাশি মাটিতে অবস্থান করেও এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। প্রতিষ্ঠানটির দাবি, জেনারেটর হিসেবে ব্যবহার করলে একটি উড়োজাহাজ দিয়ে ১৫টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে প্রযুক্তির এই সম্ভাবনার সঙ্গে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়টিও। প্রতিটি উড়োজাহাজের সম্ভাব্য দাম প্রায় ১ কোটি ডলার। ফলে আপাতত ব্যক্তিগত ব্যবহারের চেয়ে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পরিবহনেই এর ব্যবহার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: সিএনএন আরটিভি/এসকে
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে সৃষ্ট বড় ধরনের বিপর্যয় তৃতীয় দিনেও কাটেনি। রোববার (১৫ নভেম্বর) দেশটিতে ৮ হাজার ৮০০টির বেশি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। একই দিনে বাতিল করা হয়েছে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
আরও পড়ুন
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা