
চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেখানে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের জোট কোয়াডের নেতাদের বৈঠকে অংশ নেবেন তিনি। দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠক হবে ট্রাম্পের প্রথম কোয়াড সম্মেলন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি নিয়ে আলোচনা হতে পারে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আয়োজনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের আগে কোয়াড বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
এদিকে ট্রাম্পের ম্যানিলা সফর ঘিরে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। এর আগে কয়েক দিন ধরে দেশটিতে তার সফরের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সরবরাহব্যবস্থা উদ্যোগ বাতিলের দাবিও উঠেছে এসব বিক্ষোভে।
ম্যানিলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের বিশেষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। তবে তিনি পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নেবেন না।
উল্লেখ্য, কোয়াড (QUAD) সম্মেলন হলো কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ (Quadrilateral Security Dialogue) বা চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপের সংক্ষিপ্ত রূপ। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত—এই চারটি দেশের একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম। এটি মূলত প্রয়োজন অনুযায়ী বা সুযোগ বুঝে অনুষ্ঠিত হয়ে থাকে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


