
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান ও দুই উপ-উপাচার্যসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে গেছেন।
বুধবার (১৪ অক্টোবর) দেশটির উদ্দেশে যাত্রা করেন তারা। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংঝু শহরে অবস্থান করবেন প্রতিনিধিদলের সদস্যরা।
চীন-বাংলাদেশ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং (SGSMRS) প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এ সফর। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন সেকেন্ড ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির (SIO) আমন্ত্রণে সেখানে গেছেন তারা। সফরে প্রকল্পটির পরিচালনা, কারিগরি সহযোগিতা ও যৌথ গবেষণার বিভিন্ন দিক নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা হবে।
প্রতিনিধিদলে উপাচার্যের সঙ্গে রয়েছেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, স্যাটেলাইট ওশেন অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রিয়াজুল হারুন।
এদিকে উপাচার্য ও দুই উপ-উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন প্রসঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, এই সময়ের জন্য জ্যেষ্ঠ হিসেবে রুটিন দায়িত্ব পালন করছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।
আরটিভি/এমএম


