
এক বছরে প্রেক্ষাগৃহে বসে ১ হাজার ২০৭টি সিনেমা দেখে গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রতিদিন গড়ে তিনটির বেশি সিনেমা দেখেছেন পেনসিলভানিয়ার ৬০ বছর বয়সী গ্লেনউড হসকিন জুনিয়র।
গিনেস বিশ্ব রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ এই রেকর্ড গড়েন তিনি। এর আগে এক বছরে সর্বোচ্চ ৭৭৭টি সিনেমা দেখার রেকর্ড ছিল আরেক মার্কিন নাগরিক জাকারিয়া সোয়োপের।
রেকর্ড গড়তে প্রতিদিনের সিনেমার সময়সূচি আগে থেকেই পরিকল্পনা করতেন হসকিন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিতেন তিনি। তার পছন্দের সিনেমার মধ্যে ছিল অ্যানিমেশন ও হাস্যরসাত্মক ছবি।
এত সিনেমা দেখার পরও খরচ কম রাখতে মাসিক প্রায় ২৮ ডলারের বিশেষ সদস্যপদ ব্যবহার করতেন তিনি। বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন এবং দুই সিনেমার বিরতিতে হাঁটাহাঁটি করতেন।
হসকিনের কাছে এই অভিজ্ঞতা শুধু বিশ্ব রেকর্ড গড়ার বিষয় ছিল না; বরং নিজের দীর্ঘদিনের সিনেমাপ্রীতি উপভোগ এবং নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ার সুযোগও ছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরটিভি/জেএমএ




