
নিউইয়র্ক সিটিতে অভিবাসীদের জন্য বিনা মূল্যে আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। নতুন উদ্যোগের আওতায় অভিবাসনসংক্রান্ত আইনি সমস্যায় পড়া ব্যক্তিরা সপ্তাহের সাত দিন ফোন করে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।
বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির কার্যালয় থেকে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। অভিবাসীদের আইনি সহায়তা কার্যক্রম জোরদার করতে প্রায় ১৫ লাখ ডলার অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও জানানো হয়েছে।
নিউইয়র্ক সিটির অভিবাসীবিষয়ক কার্যালয়ের পরিচালিত এই হটলাইনে ফোন করে অভিবাসীরা নিজেদের অভিবাসন পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ চাইতে পারবেন। নাগরিকত্ব বা অভিবাসন অবস্থান নির্বিশেষে নিউইয়র্কের বাসিন্দারা এ সেবার আওতায় আসতে পারবেন।
আইনি সহায়তা পাওয়ার যোগাযোগ: হটলাইন নম্বর: ১-৮০০-৩৫৪-০৩৬৫ বিকল্প ব্যবস্থা: ৩১১ নম্বরে ফোন করে ‘ইমিগ্রেশন লিগ্যাল’ বলতে হবে। সোমবার থেকে শুক্রবার: সকাল ৯টা থেকে রাত ৮টা। শনিবার ও রবিবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা। হটলাইনে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, হাইতিয়ান ক্রেওল ও উলুফ ভাষায় সহায়তা পাওয়া যায়। পাশাপাশি টেলিফোন অনুবাদ ব্যবস্থার মাধ্যমে ২০০টির বেশি ভাষায় যোগাযোগের সুযোগ রয়েছে।
নতুন উদ্যোগের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। তবে এ সুবিধা বর্তমানে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় পাওয়া যাচ্ছে। এই সেবার মাধ্যমে অভিবাসীরা অভিবাসন আইন, কর্মক্ষেত্রে বেতনসংক্রান্ত সমস্যা, প্রতারণা এবং অন্যান্য আইনি জটিলতা নিয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে পারবেন। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করা হবে।
আরটিভি/ এসকেডি


