
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের কিছু অসংগঠিত (অগোছালো) তথ্য সাইবার হামলায় ফাঁস হয়েছে। সম্প্রতি সংস্থা দুটি এ নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার (২৫ নভেম্বর) সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, গোয়েন্দা তথ্য বিশ্লেষণের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ওই নেটওয়ার্কে প্রকাশ্য ও গোপনীয় নয়, এমন তথ্য বিশ্লেষণ করা হতো। তবে ঠিক কী ধরনের তথ্য বেহাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের অন্য সরকারি সংস্থার কিছু তথ্যও এ ঘটনায় ফাঁস হয়ে থাকতে পারে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এ বিষয়ে জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর জানিয়েছে, গুরুত্বপূর্ণ কার্যক্রম কিংবা গোপনীয় তথ্য সংরক্ষিত ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি।
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোতে সাম্প্রতিক সময়ে একের পর এক সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটছে। এর আগে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দুটি পৃথক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে আসে। এ ছাড়া প্রতিরক্ষা দপ্তর ও স্বরাষ্ট্র দপ্তরও সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় আলোচনায় এসেছে। গত সপ্তাহে কৃষি দপ্তরেও হ্যাকারদের অনুপ্রবেশের খবর প্রকাশিত হয়।
তবে সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের নেটওয়ার্কে কীভাবে অনুপ্রবেশ করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরটিভি/জেএমএ


