
গাজায় ফিলিস্তিনিদের সন্তান জন্মদানের পথেও বাধা সৃষ্টি করছে ইসরায়েল। দেশটির অবরোধ, হামলা ও স্বাস্থ্যসেবা ধ্বংসের কারণে গর্ভধারণ, সন্তান জন্মদান ও প্রজননস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (বেসরকারি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির ১৩৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলা, বাস্তুচ্যুতি, খাদ্যসংকট ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে গাজার নারী ও কন্যাশিশুরা ভয়াবহ দুর্ভোগের শিকার হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পরও এসব পরিস্থিতির অবসান হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত গাজায় নিহত ৭৪ হাজার ২৩৭ ফিলিস্তিনির মধ্যে ২২ হাজার ৩৩১ জন নারী ও কন্যাশিশু। এ সময়ে ৯০ শতাংশের বেশি হাসপাতাল ধ্বংস হয়েছে অথবা আংশিকভাবে কার্যকর রয়েছে। ফলে গর্ভবতী নারীদের চিকিৎসা, নিরাপদে সন্তান জন্মদান এবং নবজাতকের পরিচর্যা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অবরোধ ও চিকিৎসাসামগ্রীর সংকটে গাজায় গর্ভপাত, মৃত সন্তান প্রসব এবং গর্ভাবস্থায় নানা জটিলতা বেড়েছে। পাশাপাশি বন্ধ হয়ে গেছে গাজার সব ভ্রূণ সংরক্ষণ ও সন্তান ধারণের চিকিৎসাসেবা। এসব কেন্দ্রে সংরক্ষিত হাজারো ভ্রূণ ও প্রজনন উপাদান ধ্বংস হয়েছে।

সংস্থাটি আরও জানায়, খাদ্যসংকট, বাস্তুচ্যুতি ও নিরাপত্তাহীনতার কারণে অনেক নারী সন্তান নেওয়ার পরিকল্পনা বাদ দিতে বাধ্য হয়েছেন। গর্ভবতী ও শিশুকে বুকের দুধ খাওয়ানো নারীরাও অপুষ্টির ঝুঁকিতে রয়েছেন। এছাড়া গাজার ৯০ শতাংশের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অন্তত ৮৫ নারীকে অভিযোগ বা বিচার ছাড়াই আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজার নারী ও কন্যাশিশুরা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভয়াবহ আঘাতের শিকার হয়েছেন। তাদের হত্যা, আহত ও বাস্তুচ্যুত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত করা হয়েছে।

সংস্থাটি বলছে, গাজায় সন্তান জন্মদান ঠেকানোর উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপগুলো গণহত্যা সনদের আওতায় তদন্ত করা উচিত। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নারী, কন্যাশিশু, স্বাস্থ্যকর্মী, জাতিসংঘ ও বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীসহ ২২৮ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
আরটিভি/জেএমএ



