
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বার্গার বিক্রেতা প্রতিষ্ঠান ওয়েন্ডিজের বিরুদ্ধে খাবারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি নিজেদের শাখা ও স্বাধীনভাবে পরিচালিত বিক্রয়কেন্দ্রগুলোর মধ্যে মূল্য প্রতিযোগিতা কমিয়ে গ্রাহকদের কাছ থেকে বেশি অর্থ আদায় করেছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি আদালতে দায়ের করা মামলায় বলা হয়, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ছয় বছর ধরে ওয়েন্ডিজ বিভিন্ন বিক্রয়কেন্দ্রের সঙ্গে যোগসাজশ করে দাম নির্ধারণ ও বাড়িয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটি বিক্রয়কেন্দ্রগুলোর লেনদেনসহ প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত বলে অভিযোগ।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ও দীর্ঘদিনের গ্রাহক অ্যান্ডি গার্সিয়া মামলাটি করেছেন। তার দাবি, ওয়েন্ডিজের এ কর্মকাণ্ডের কারণে খাবারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং তাকে স্বাভাবিকের চেয়ে বেশি অর্থ দিতে হয়েছে। মামলায় বিক্রয়কেন্দ্রের হিসাব রাখার সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান এনসিআর ভয়িক্সকেও অভিযুক্ত করা হয়েছে।
ওয়েন্ডিজ ও এনসিআর ভয়িক্স এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ওয়েন্ডিজের যুক্তরাষ্ট্রে ৪৩২টি নিজস্ব রেস্তোরাঁ এবং ৬ হাজার ৭৬২টি ফ্র্যাঞ্চাইজি বিক্রয়কেন্দ্র রয়েছে।
আরটিভি/জেএমএ


