
নিউইয়র্কের প্রায় অর্ধেক ভাড়াবাড়িতে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত বহাল রেখেছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) নিউইয়র্কের সুপ্রিম কোর্ট নগরীর মেয়র জোহরান মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়ির মালিকদের করা আবেদন খারিজ করে দেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, মামদানির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম বিষয় ছিল সাশ্রয়ী আবাসন। আদালতের রায়কে ভাড়াটিয়াদের জন্য বিজয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নিউইয়র্কের কর্মজীবী মানুষের এমন একটি শহরে বসবাসের অধিকার রয়েছে, যেখানে থাকা তাদের সাধ্যের মধ্যে।
বাড়ির মালিকদের অভিযোগ ছিল, ভাড়া নির্ধারণ বোর্ডের সিদ্ধান্তে মেয়রের সমর্থকেরা প্রভাব ফেলেছেন। তবে বিচারক ব্রেন্ডন ল্যান্ট্রি বলেন, ভাড়া স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক বা স্বেচ্ছাচারী—এমন প্রমাণ মালিকেরা দিতে পারেননি। মেয়র নিজের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মিল রয়েছে এমন সদস্য নিয়োগের অধিকার রাখেন বলেও রায়ে উল্লেখ করা হয়।
এই সিদ্ধান্ত নিউইয়র্কের ২৩ লাখ ভাড়াবাড়ির মধ্যে ১০ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নবায়ন হওয়া এক ও দুই বছরের চুক্তিতে ভাড়া বাড়বে না। মামদানি জানান, আদালতের রায়ে ২০ লাখের বেশি মানুষ উপকৃত হবেন।
আরটিভি/জেএমএ


