
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে রানওয়েতে চলার সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি যাত্রীবাহী বিমানের ডানার প্রান্তে ধাক্কা লাগে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার কিছু পর এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন জানায়, উড্ডয়নের প্রস্তুতি নিয়ে চলার সময় ৬৩৮ নম্বর উড়োজাহাজটি ২১৫২ নম্বর উড়োজাহাজের ডানায় ধাক্কা দেয়। পরে দুটি উড়োজাহাজই নির্ধারিত স্থানে ফিরে যায়। পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো চলাচল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
৬৩৮ নম্বর উড়োজাহাজটির গন্তব্য ছিল ডালাস, আর ২১৫২ নম্বর উড়োজাহাজটি যাচ্ছিল শিকাগোতে। যাত্রীদের অন্য উড়োজাহাজে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় বিমানবন্দরের অন্য কোনো উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেনি।
সূত্র: সিবিএস নিউজ
আরটিভি/জেএমএ


