
যুক্তরাষ্ট্রের আইওয়ায় সেনাবাহিনীর পাঁচ টন বিপজ্জনক সিসা অ্যাজাইড বিস্ফোরণের পর পানিতে সিসার মাত্রা বাড়েনি বলে জানিয়েছে দেশটির পরিবেশ সংস্থা।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক পরীক্ষার ফলাফলে পানীয় জলের উৎসে সিসার দূষণ বৃদ্ধির প্রমাণ পাওয়া যায়নি।
পরীক্ষার জন্য বিস্ফোরণের আগে ও পরে বাতাস, পানি, মাটি ও ধুলার নমুনা সংগ্রহ করা হয়। প্রায় ৩০০ জন কর্মী বিভিন্ন এলাকা থেকে দেড় হাজারের বেশি নমুনা নেন। বিস্ফোরণের পরও হ্রদ ও পুকুরের ২৬টি পানির নমুনায় বিস্ফোরণজনিত সিসা পাওয়া যায়নি।
তবে পরিবেশবাদী সংগঠন সিয়েরা ক্লাবের আইওয়া শাখা প্রাথমিক ফলাফল নিয়ে এখনই নিশ্চিত হতে পারছে না। সংগঠনটির এক প্রতিনিধি বলেছেন, বিস্ফোরণের পর সিসা কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও পরীক্ষার ফল প্রয়োজন।
সিসা শিশু ও গর্ভবতীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। পুরোনো মজুতটি অস্থিতিশীল হয়ে পড়ায় অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকি এড়াতে সেনাবাহিনী তা ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তবে পর্যাপ্ত আগাম সতর্কতা না দেওয়ায় স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


