
নড়াইলে এক ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে ধর্ষণের (বলাৎকার) মামলায় মো. মেরাজ আলী ওরফে মিরাজ (২৫) নামে এক মাদরাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অর্থদণ্ড হিসেবে আসামির পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা আদায়ের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মো. মেরাজ আলী ওরফে মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী (রুদ্রপুর) গ্রামের বাসিন্দা।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের ১১ জুলাই ভোর রাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদরাসার ওই শিশু শিক্ষার্থীকে নিজ কক্ষে নিয়ে বলাৎকার করেন মো. মেরাজ আলী। এ ঘটনার পরদিন ১৩ জুলাই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মেরাজ আলীকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। শুনানি শেষে ট্রাইবুনালের বিচারক অভিযুক্ত আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


