
কর্মক্ষেত্রে ভালো কাজ করার দক্ষতা থাকলেও আত্মবিশ্বাসের অভাবে অনেক সময় নিজেকে ঠিকভাবে তুলে ধরা যায় না। কথা বলতে গিয়ে জড়তা, জানা বিষয়েও ভুল করা কিংবা নিজের কাজ নিয়ে সব সময় সন্দেহে ভোগার মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে নিয়মিত কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব।
কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করতে এবং সুনাম অর্জন করতে রপ্ত করতে পারেন এই পাঁচ অভ্যাস।
১. শরীরের ভঙ্গিতে আনুন আত্মবিশ্বাস
শরীরের ভঙ্গি অনেক সময় মনের অবস্থার পরিচয় দেয়। তাই কারও সঙ্গে কথা বলার সময় বা বৈঠকে সোজা হয়ে বসুন, কাঁধ সোজা রাখুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন।
কোনো বিষয় জানা না থাকলে তা স্পষ্টভাবে স্বীকার করুন। তবে আপনি কোন বিষয়ে দক্ষ বা কোন কাজগুলো ভালো পারেন, সেগুলোও তুলে ধরুন।
২. সময়মতো শেষ করুন কাজ
কর্মক্ষেত্রে সুনাম অর্জনের অন্যতম উপায় হলো সময়ের মূল্য দেওয়া। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন।
কোনো কারণে সময়মতো কাজ শেষ করা সম্ভব না হলে আগে থেকেই কর্তৃপক্ষকে জানান। আপনি কী কাজ করছেন এবং কতটুকু এগিয়েছেন, সে বিষয়েও পরিষ্কার ধারণা দিন। এতে আপনার প্রতি আস্থা বাড়বে এবং নিজের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি হবে।
৩. ছোট ছোট লক্ষ্য পূরণ করুন
বড় সাফল্যের জন্য সব সময় বড় লক্ষ্য দিয়েই শুরু করতে হবে না। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো সময়মতো পূরণ করার চেষ্টা করুন।
কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে প্রতিদিন তিনটি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে তা শেষ করার অভ্যাস গড়ে তুলতে পারেন। ছোট লক্ষ্য পূরণের সাফল্যই ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
৪. আগে থেকেই করুন পরিকল্পনা
কাজের চাপ ও দুশ্চিন্তা কমাতে সঠিক পরিকল্পনার বিকল্প নেই। প্রতিদিনের কাজের তালিকা আগে থেকেই তৈরি করে রাখুন।
কোন কাজটি আগে করবেন, কোনটি পরে করবেন—সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকলে কাজ সহজ হয়। পাশাপাশি কোন কাজ শেষ হলো আর কোনটি বাকি থাকল, সেটিও সহজে বোঝা যায়। এতে অহেতুক উদ্বেগও কমে।
৫. নিজের সম্পর্কে ইতিবাচক ভাবুন
নিজের ভালো দিকগুলো চিনতে এবং সেগুলো তুলে ধরতে শিখুন। সব সময় নিজের সম্পর্কে নেতিবাচক কথা বললে আত্মবিশ্বাস কমে যেতে পারে।
তবে ইতিবাচক ভাবনা যেন অতিরঞ্জিত না হয়। নিজের ভুল ও দুর্বলতা চিহ্নিত করুন, কিন্তু তা নিয়ে নিজেকে ছোট না করে উন্নতির চেষ্টা করুন। সমালোচনা করলেও সেটি যেন কাজের উন্নতির জন্য হয়।
কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না। তবে সঠিক শরীরী ভঙ্গি, সময়মতো কাজ শেষ করা, ছোট লক্ষ্য পূরণ, পরিকল্পনা করে এগোনো এবং ইতিবাচক মনোভাব—এই পাঁচ অভ্যাস ধীরে ধীরে আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। আর আত্মবিশ্বাস বাড়লে কর্মক্ষেত্রেও তৈরি হতে পারে নিজের একটি ভালো অবস্থান।
আরটিভি/জেএমএ

