
শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য শুধু পুষ্টিকর খাবারই যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত শরীরচর্চাও। বর্তমানে স্কুলব্যাগের ভার, দীর্ঘ সময় পড়াশোনা এবং মোবাইল বা ট্যাবের প্রতি অতিরিক্ত আগ্রহের কারণে অনেক শিশুর খেলাধুলা ও শারীরিক কসরত কমে যাচ্ছে। এর সঙ্গে অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস যোগ হওয়ায় দেখা দিচ্ছে পুষ্টির ঘাটতিও।
শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি, রক্তাল্পতাসহ নানা সমস্যা দেখা দিতে পারে। এতে স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই সুষম খাবারের পাশাপাশি শিশুকে নিয়মিত কিছু সহজ শরীরচর্চার অভ্যাস করানো যেতে পারে।
শিশুর শরীরকে সচল ও শক্তিশালী রাখতে সহায়ক হতে পারে এমন তিনটি সহজ কসরতের কথা জেনে নিন।
১. বিড়ালের মতো শরীর বাঁকানোর কসরত
এই কসরত মেরুদণ্ড সোজা রাখতে এবং কাঁধ ও বুকের পেশি শক্তিশালী করতে সহায়তা করতে পারে। পাশাপাশি পায়ের পেছনের পেশির টান কমাতে এবং শরীরে রক্ত চলাচল ভালো রাখতেও ভূমিকা রাখতে পারে।
এ জন্য শিশুকে হামাগুড়ির মতো ভঙ্গিতে মেঝেতে বসতে হবে। হাতের তালু ও হাঁটুর ওপর ভর দিয়ে ধীরে ধীরে পিঠ ওপরের দিকে বাঁকাতে হবে। কয়েক সেকেন্ড এভাবে থেকে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এ সময় কনুই ও কাঁধ বাঁকানো যাবে না।
২. সামনে ঝুঁকে শরীর টানটান করার কসরত
মেঝেতে সোজা হয়ে বসে দুই পা সামনে ছড়িয়ে দিতে হবে। এরপর দুই হাত দিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুল ধরার চেষ্টা করতে হবে।
শুরুতে পায়ের আঙুল পর্যন্ত পৌঁছানো কঠিন হতে পারে। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে এটি সহজ হয়ে উঠতে পারে।
৩. প্রজাপতির মতো পা নাড়ানোর কসরত
শিশুদের জন্য এটি একটি সহজ ও কার্যকর শরীরচর্চা। মেঝেতে বসে দুই পায়ের পাতা একসঙ্গে মিলিয়ে দুই হাত দিয়ে পা ধরে রাখতে হবে। এরপর প্রজাপতির ডানার মতো দুই হাঁটু ধীরে ধীরে ওপরে-নিচে নড়াতে হবে।
প্রতিবার ১০ বার করে তিন দফা এই কসরত করা যেতে পারে। নিয়মিত অভ্যাসে পায়ের পেশি শক্তিশালী হতে পারে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।
শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে পুষ্টিকর ও সুষম খাবারের পাশাপাশি খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা জরুরি। তবে শিশু যদি অপুষ্টিতে ভোগে, ওজন বা উচ্চতা স্বাভাবিকভাবে না বাড়ে কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরটিভি/জেএমএ


