
বাহারি রং, অদ্ভুত নকশা আর নজরকাড়া পোশাক—সব মিলিয়ে আনন্দের এক ব্যতিক্রমী আয়োজন। তবে শুধু সাজপোশাকের আনন্দ নয়, এর পেছনে রয়েছে আরও গভীর একটি উদ্দেশ্য। শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজন সম্পর্কে সচেতনতা বাড়াতেই পালিত হয় ‘লাউড শার্ট ডে’ (রঙিন শার্ট পরার দিন)।
এই দিনে মানুষ নানা রঙের ও নকশার শার্ট পরে অংশ নেন উদযাপনে। স্কুল, অফিস ও বিভিন্ন সামাজিক পরিসর হয়ে ওঠে রঙিন। পোশাকের বৈচিত্রের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া হয় একটি গুরুত্বপূর্ণ বার্তা—প্রত্যেক মানুষের স্বতন্ত্রতাকে সম্মান জানানো এবং ভিন্নতাকে আনন্দের সঙ্গে গ্রহণ করা।
রঙিন পোশাকের পেছনে যে উদ্দেশ্য
লাউড শার্ট ডে দেখতে আনন্দময় হলেও এর মূল লক্ষ্য শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য সহায়তা নিশ্চিত করা। এসব শিশুর কথা শুনতে শেখা, কথা বলা এবং অন্যদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে উপযুক্ত শ্রবণযন্ত্র, কথা বলার প্রশিক্ষণ ও প্রাথমিক পর্যায়ের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রয়োজনীয় সহায়তা পেলে অনেক শিশুর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এতে তাদের পরিবারও নতুন করে আশার আলো দেখতে পারে। তাই রঙিন পোশাকের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করে শিশুদের প্রয়োজন সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই দিনের অন্যতম লক্ষ্য।
যেভাবে শুরু হয়েছিল লাউড শার্ট ডে
লাউড শার্ট ডে-র সূচনা দক্ষিণ অস্ট্রেলিয়ায়। বর্তমানে ‘ক্যান:ডু ৪কিডস’ নামে পরিচিত কোরা বার্কলে কেন্দ্রে একদিন কফির আড্ডায় এই আয়োজনের ভাবনা উঠে আসে। সেখানকার কর্মীরা শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের সহায়তায় কাজ করছিলেন। তাঁরা এমন একটি উদ্যোগের কথা ভাবছিলেন, যার মাধ্যমে আনন্দের পাশাপাশি সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া সম্ভব।
সেখান থেকেই রঙিন ও নজরকাড়া শার্ট পরার ধারণা আসে। বাহারি পোশাকের মাধ্যমে মানুষের মনোযোগ আকর্ষণ করে শিশুদের সমস্যা ও প্রয়োজন তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। উদ্যোক্তাদের বিশ্বাস ছিল, আনন্দময় একটি উদ্যোগও মানুষের মনে গভীর প্রভাব ফেলতে পারে।
অল্প সময়ের মধ্যেই উদ্যোগটি জনপ্রিয়তা পায়। দক্ষিণ অস্ট্রেলিয়া ছাড়িয়ে অস্ট্রেলিয়ার অন্যান্য অঞ্চল এবং নিউজিল্যান্ডেও ছড়িয়ে পড়ে এই আয়োজন। বর্তমানে কুইন্সল্যান্ডের ‘হিয়ার অ্যান্ড সে’, নিউ সাউথ ওয়েলসের ‘দ্য শেফার্ড সেন্টার’ এবং নিউজিল্যান্ডের ‘সাদার্ন ককলিয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচি’র মতো সংস্থাও এতে অংশ নেয়।
যেভাবে উদযাপন করবেন দিনটি
লাউড শার্ট ডে পালনে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। নিজের পছন্দের রঙিন শার্ট পরে বাড়ি, স্কুল কিংবা অফিস থেকেই এতে অংশ নেওয়া যায়। বড় নকশা, বিচিত্র রং কিংবা মজার ছাপযুক্ত পোশাক বেছে নিতে পারেন। এ দিনের সাজপোশাকে বাঁধাধরা নিয়মের চেয়ে সৃজনশীলতাই বেশি গুরুত্বপূর্ণ।
নিজের রঙিন পোশাকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে অন্যদেরও অংশ নিতে উৎসাহিত করা যায়। স্কুল বা অফিসে আয়োজন করা যেতে পারে বাহারি পোশাকের বিশেষ দিন। সবচেয়ে নজরকাড়া পোশাকের জন্য ছোট পুরস্কার কিংবা ছবি তোলার বিশেষ জায়গার ব্যবস্থা করেও উদযাপনকে আনন্দময় করে তোলা সম্ভব।
আনন্দের সঙ্গে ছড়িয়ে দিন সচেতনতা
শুধু রঙিন পোশাক পরলেই এই দিনের উদ্দেশ্য পূরণ হয় না। শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর তথ্য ছড়িয়ে দেওয়া, এ বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরা কিংবা অন্যদের সচেতন করাও হতে পারে উদ্যাপনের অংশ।
সামর্থ্য অনুযায়ী এমন কোনো বিশ্বস্ত সংস্থায় আর্থিক সহায়তাও দেওয়া যেতে পারে। সহায়তার পরিমাণ ছোট হোক বা বড়, তা শিশুদের প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।
এছাড়া বাড়ি, স্কুল কিংবা কোনো সামাজিক কেন্দ্রে শিশুদের নিয়ে ছবি আঁকার আয়োজন করা যায়। তাদের নিজের পছন্দমতো রং ও নকশা দিয়ে স্বপ্নের শার্ট আঁকতে বলা যেতে পারে। কেউ আঁকতে পারে উজ্জ্বল ফুল, কেউ বেছে নিতে পারে মজার নকশা কিংবা নানা রঙের জ্যামিতিক আকৃতি।
একটি শার্টেই ছড়িয়ে পড়ুক মানবিকতার বার্তা
প্রতি বছর লাউড শার্ট ডে-র আয়োজন আরও বিস্তৃত হচ্ছে। স্কুল, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশ নিচ্ছে। রঙিন পোশাকের মধ্য দিয়ে মানুষ যেমন আনন্দ ভাগ করে নিচ্ছেন, তেমনি শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর বার্তাও ছড়িয়ে দিচ্ছেন।
একটি বাহারি শার্ট হয়তো একাই সব সমস্যার সমাধান করতে পারে না। তবে সেই শার্টকে ঘিরে তৈরি হওয়া সচেতনতা, সহমর্মিতা ও সহায়তার উদ্যোগ শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
আরটিভি/জেএমএ

