
ক্লাসিক ব্যায়ামের মধ্যে সাইকেলিং ও দৌড়ানো– এই দুটিই অত্যন্ত জনপ্রিয়। তবে ফিটনেসের জন্য এই দুটি ব্যায়ামের মধ্যে কোনটি বেশি উপকারী, তা নিয়ে আলোচনা প্রায়শই হয়।
আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিনের তথ্য অনুযায়ী, ক্যালরি বার্ন বা ঝরানোর ক্ষেত্রে সাইকেলিংয়ের চেয়ে দৌড়ানো বেশি কার্যকর। তবে ব্যায়ামের কার্যকারিতা বয়স, ওজন এবং অন্যান্য শারীরিক বিষয়ের ওপর নির্ভর করে।
আমেরিকার ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ ডাক্তার কেইটলিন ডোনারের মতে, যাদের ওজন বেশি, তারা যদি ব্যায়াম হিসেবে দৌড় বেছে নেন, তাহলে তাদের হার্ট অ্যাটাক, হাঁটু ব্যথা ও উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেশার) হওয়ার ঝুঁকি থেকে যায়। এমন ক্ষেত্রে তারা সাইকেলিং বেছে নিতে পারেন।
তবে সাইকেলিংয়েরও কিছু অসুবিধা রয়েছে। যারা সাইকেল চালাতে অভ্যস্ত নন, তাদের ক্ষেত্রে প্রথমদিকে এটি দুর্ঘটনাপূর্ণ হতে পারে। তা ছাড়া অনেকের কাছেই সাইকেল কেনার চেয়ে দৌড়ানো বেশি পছন্দের, কারণ এই ব্যায়াম অনুশীলনের জন্য কেবল এক জোড়া জুতাই যথেষ্ট।
অন্যদিকে, দৌড়ানোর ক্ষেত্রে একটি বড় অসুবিধা হলো এটি পায়ের জয়েন্টগুলোতে চাপ সৃষ্টি করে। ফলে সাইকেল চালানোর তুলনায় দৌড়ে আঘাত লাগার সম্ভাবনা বেশি থাকে।
সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ দৌড়বিদই কোনো না কোনো সময় আঘাত পেয়েছেন।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো, আপনি সেই ব্যায়ামই বেছে নিন, যা প্রতিদিন অনুশীলনে আপনি আরাম ও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেই সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত জরুরি। তবে বিশেষজ্ঞরা আরও বলছেন, সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে ভারসাম্য রেখে যদি দুটি ব্যায়ামই একসঙ্গে চালু রাখা যায়, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হওয়া যায়। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
আরটিভি/এএইচ




