লঞ্চে যাত্রী পরিবহনের দীর্ঘদিনের অনিয়ম ও ঝুঁকি এড়াতে এবার কঠোর অবস্থানে দাঁড়িয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এখন থেকে মাঝ নদী বা অন্য কোনো উপায়ে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি তদারকি শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এই সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, "নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি। কোনোভাবেই মাঝ নদী থেকে নৌকা ব্যবহার করে লঞ্চে যাত্রী উঠতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার অত্যন্ত অনড় এবং প্রয়োজনে বিদ্যমান নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনা হবে।"
নিরাপত্তা নিশ্চিত করতে সদরঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি সাধারণ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "আপনারা নিয়ম মেনে চলুন এবং নিজেদের জীবনের নিরাপত্তার প্রতি যত্নশীল হোন।"
ভবিষ্যতে অনিয়ন্ত্রিত নৌকা-লঞ্চ চলাচল চিরতরে বন্ধ করতে প্রতিমন্ত্রী এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "পারাপারের ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে ঘাট থেকে দূরে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে, যাতে সুশৃঙ্খলভাবে যাত্রী যাতায়াত নিশ্চিত করা যায়।"
লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে রাজিব আহসান জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, "একজন যাত্রীও আমাদের কাছে এসে বলেননি যে তার কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক তদারকি করছি।"
আরটিভি/এআর





