
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন। অন্যদিকে, মহাপরিচালক হিসেবে দুই বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।
এ সময় বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন।
তিনি এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং দায়িত্ব পালনকালে তাদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী মহাপরিচালক তার দপ্তরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন।
তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে তার প্রত্যাশা তুলে ধরেন।
প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরো উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন-সংক্রান্ত আদেশ জারি করা হয়। সূত্র: বাসস
আরটিভি/আইএম



