
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা দায়ের হয়। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে ডিবিসি নিউজের অন্য সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না সে বিষয়টি নিয়ে কিছু জানাননি তিনি। তবে ডিবি সূত্রে জানা যায়, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে।
এর আগে, বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে হেফাজতে নেয় ডিবি।
আরটিভি/এসএইচএম




