ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি।

তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানান। একইসঙ্গে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলেও মনে করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, আসুন আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করা যায়। তাই সুস্থভাবে জীবনযাপন করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, নগরায়নের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একইসঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, আমি ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।

সবশেষে বাণীতে রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি
সড়ক দুর্ঘটনা কমানো এবং দক্ষ চালক তৈরির লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এর আওতায় ২০ হাজার পেশাদার চালককে পাঁচ দিনব্যাপী বিনা মূল্যে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) অধীনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। বিআরটিসি সূত্রে জানা গেছে, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণে চালকদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, প্রতিরক্ষামূলক গাড়ি চালানো এবং দায়িত্বশীল আচরণ সম্পর্কে ধারণা দেওয়া হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চলমান কর্মসূচিতে ২০ হাজার পেশাদার চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে বাড়ছে নারীদের অংশগ্রহণ বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় ড্রাইভিং প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণও বাড়ছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুতে নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কম থাকলেও সময়ের সঙ্গে তাদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। কেন প্রয়োজন রিফ্রেশার প্রশিক্ষণ? ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান বাড়ানো, নিরাপদে গাড়ি চালানোর দক্ষতা অর্জন এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, আগে থেকেই পেশায় নিয়োজিত চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দায়িত্ববোধ বাড়ানোর বিষয়টিও প্রশিক্ষণে গুরুত্ব পাবে। আরটিভি/এসকে
ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি
সারে ভেজাল ও নকল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবা প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। 
সারে ভেজাল ও নকল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের
জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ
জলবায়ুজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উন্নত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাস্তবতায় গড়ে ওঠা জাতিসংঘের বর্তমান কাঠামো দিয়ে আজকের পরিবর্তিত বিশ্ব পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।  তিনি বলেছেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের কাঠামো এখনো আগের মতোই রয়ে গেছে। তাই বিশ্বব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন তিনি।  সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদ সংস্কার, রোহিঙ্গা গণহত্যার বিচার, আন্তর্জাতিক সংঘাত এবং মাঠপর্যায়ে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে কথা বলেন ড. খলিলুর রহমান। নিরাপত্তা পরিষদের আধুনিকায়ন ও শক্তিধর দেশগুলোর একক কর্তৃত্ব নিয়ে সাংবাদিক জাফর হাসনাইনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময়কার বাস্তবতার সঙ্গে বর্তমান বিশ্বের ব্যাপক পার্থক্য রয়েছে।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক ক্ষমতার বিন্যাসে অনেক পরিবর্তন এসেছে। অথচ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও কাঠামো এখনো অপরিবর্তিত রয়েছে। নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়ে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি ইতোমধ্যে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন বলেও জানান। আফ্রিকার প্রতিনিধিত্বের প্রশ্নে ড. খলিলুর রহমান বলেন, ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় বৈষম্যের শিকার মহাদেশগুলোর একটি আফ্রিকা। নিরাপত্তা পরিষদে আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির কোনো স্থায়ী প্রতিনিধিত্ব নেই। তাঁর ভাষায়, ‘আফ্রিকাকে সিদ্ধান্তের টেবিলে থাকতে হবে, তারা কোনো মেনু হতে পারে না।’ তিনি বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী বা অস্থায়ী সদস্যপদের কাঠামো পরিবর্তন করতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি প্রয়োজন। ফলে রাতারাতি এ সংস্কার সম্ভব নয়, বরং ধাপে ধাপে এগোতে হবে। তাঁর সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাব নিরাপত্তা পরিষদে ভেটোর মুখে আটকে যাওয়ার বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের স্বার্থের সংঘাত ও ভেটো প্রয়োগের কারণে গুরুত্বপূর্ণ অনেক আন্তর্জাতিক সংকটে পরিষদ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্র বহিষ্কারের বিধান থাকলেও ইতিহাসে এর প্রয়োগ অত্যন্ত বিরল। অতীতে চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) পরিবর্তে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো সদস্য রাষ্ট্রকে সরাসরি বহিষ্কারের নজির নেই। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার বিষয়ে আগামী ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের ঘটনায় আইসিজে তার বিচারিক এখতিয়ার অনুযায়ী ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সমালোচনার জবাবে ড. খলিলুর রহমান বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার সঙ্গে মাঠপর্যায়ে জাতিসংঘের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে এক করে দেখা ঠিক নয়। জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তা বাস্তবসম্মত নয়। কারণ আজ সংস্থাটি বিলুপ্ত করা হলে বিশ্বশান্তি ও সহযোগিতার স্বার্থে আগামীকালই আবার নতুন করে এমন একটি সংস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলা ও বৈশ্বিক সমস্যার সমাধানে বিশ্বের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ এখনো জাতিসংঘের ওপর আস্থা রাখে। মাঠপর্যায়ে জাতিসংঘের অবদানের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়নে তীব্র সংকট থাকলেও জাতিসংঘের কান্ট্রি টিম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছিল। এ কাজে স্থানীয় প্রতিষ্ঠান, জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদেরও যুক্ত করা হয়েছিল। এতে অর্থসংকটের মধ্যেও সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়, এমনকি কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশটির সরকার, জাতিসংঘের স্থানীয় দল এবং দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের মতে, কঙ্গোয় সাধারণ মানুষের জীবন রক্ষা ও সেবা প্রদানে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকর ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন জাতিসংঘের বহুপক্ষীয় প্রক্রিয়ারই অংশ। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা, তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে প্রভাবশালী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একই প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি করে জাতিসংঘ। সংস্থাটির অনুপস্থিতিতে এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা সম্ভব হতো না। জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার পর নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। অতীতে নয়বার মহাসচিব নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ করা প্রার্থীদেরই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে নিয়োগ দিয়েছে। আরটিভি/এসআর
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
‘জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার’
কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি