
সড়ক দুর্ঘটনা কমানো এবং দক্ষ চালক তৈরির লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এর আওতায় ২০ হাজার পেশাদার চালককে পাঁচ দিনব্যাপী বিনা মূল্যে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) অধীনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।
বিআরটিসি সূত্রে জানা গেছে, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণে চালকদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, প্রতিরক্ষামূলক গাড়ি চালানো এবং দায়িত্বশীল আচরণ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চলমান কর্মসূচিতে ২০ হাজার পেশাদার চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণে বাড়ছে নারীদের অংশগ্রহণ
বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় ড্রাইভিং প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণও বাড়ছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুতে নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কম থাকলেও সময়ের সঙ্গে তাদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।
কেন প্রয়োজন রিফ্রেশার প্রশিক্ষণ?
ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান বাড়ানো, নিরাপদে গাড়ি চালানোর দক্ষতা অর্জন এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, আগে থেকেই পেশায় নিয়োজিত চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এ প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দায়িত্ববোধ বাড়ানোর বিষয়টিও প্রশিক্ষণে গুরুত্ব পাবে।
আরটিভি/এসকে



