
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে আবারও নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা। চুক্তিভিত্তিক এই নিয়োগের ফলে আরও এক বছরের জন্য উক্ত পদে দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গোলাম মোর্তোজাকে ২১ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আগের চুক্তির ধারাবাহিকতায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
সচিব পদমর্যাদায় তাকে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
আরটিভি/এসএইচএম


