তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রিহাব হোসেনের অনন্য পদযাত্রা

আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৬:১৫ এএম


তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রিহাব হোসেনের অনন্য পদযাত্রা
ছবি: সংগৃহীত

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশের এক প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আরেক প্রান্ত কক্সবাজারের টেকনাফ পর্যন্ত দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিয়েছেন রিহাব হোসেন। তিনি পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।

‘প্রাকৃতিক জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন’ স্লোগান নিয়ে তিনি এই পদযাত্রা করেন।

গত ১৬ অক্টোবর তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ১১ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পৌঁছান তিনি। ২৭ দিনের এই যাত্রায় তিনি ৩১টি জেলা হয়ে এক হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছেন। যাত্রাপথে তিনি বিভিন্ন স্থানে গাছ লাগান এবং স্থানীয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সঙ্গে পরিবেশ সচেতনতা নিয়ে মতবিনিময় করেন।

নিজের এই উদ্যোগ নিয়ে রিহাব হোসেন দেশকাল নিউজ ডটকমকে বলেন, আমার এই যাত্রার উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো, প্রকৃতির সঙ্গে সহাবস্থানই টেকসই জীবনের পথ। প্রকৃতিকে ভালোবাসলেই জীবন হয় সুন্দর।

রিহাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, তরুণ প্রজন্মের এমন উদ্দীপনামূলক উদ্যোগ আমাদের দেশের পরিবেশ আন্দোলনে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

তিনি আরও বলেন, রিহাব হোসেনের এই পদযাত্রা গ্রিন ভয়েসের মূল আদর্শ—প্রকৃতি, পরিবেশ ও জীবনের জীবন্ত প্রতিফলন। তার এই পদক্ষেপ প্রমাণ করেছে, সচেতন তরুণরাই পারে সবুজ বাংলাদেশ গড়তে পথ দেখাতে।

সংগঠনটির সহ সমন্বয়ক শাকিল কবির বলেন, রিহাবের এই পদযাত্রা শুধু একটি উদ্যোগ নয়, এটি এক ধরনের সবুজ আন্দোলন। একজন তরুণের সচেতনতা ও সাহস থেকেই পরিবর্তনের সূচনা ঘটে, রিহাব সেই বার্তাই ছড়িয়ে দিয়েছে গোটা দেশজুড়ে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission