
সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির গুলশান কার্যালয়ে খোলা শোকবইয়ে সই করেছেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতারা।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোকবইয়ে সই করে অ্যাটকোর একটি প্রতিনিধিদল।
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অ্যাটকো পরিবার গভীরভাবে শোকাহত। আমি মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই অ্যাটকোর পক্ষ থেকে শোকবইয়ে সই করা হয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে বিএনপি শোক কাটিয়ে উঠবে বলে আশা করি।
অ্যাটকোর সভাপতি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ হয়েছে। শোকবইয়ে স্বাক্ষর করেছি, কোনো বৈঠকে আসিনি, নিজেদের তাগিদে শোক জানাতে এসেছি।
আরটিভি/আরএ

