গণহত্যার জন্য আ.লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন দুদু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ , ০৫:৪৭ পিএম


গণহত্যার জন্য আ.লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

গণহত্যার জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা এবং বিচারের মুখোমুখি হতে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আগামী দিনে যদি কেউ ষড়যন্ত্র করে বর্তমান সরকারকে পতনের মুখে ঠেলে দিতে চায়, তাহলে সে ষড়যন্ত্রের অগ্রভাগে থাকবে পতিত আওয়ামী লীগ। দলটি এখনও বোঝে না- তারা গণহত্যা করেছে, যেমন শেখ মুজিবও বাংলাদেশে গণহত্যা করেছিলেন। বোধহয় কন্যা তার পিতার সেই পথই অনুসরণ করেছেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান, মাফ চান, বিচারের মুখোমুখি হন। যেখানেই লুটপাট ও চুরি করা অর্থ রেখেছেন, তা ফেরত দিন। এরপরই বিবেচনা করা যাবে- আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না। আপনারা যে অপরাধ করেছেন, তার বিচার হওয়া জরুরি, এমনকি ফাঁসির দণ্ড প্রাপ্য।

আরও পড়ুন

বিএনপির এই নেতা বলেন, হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। এটি এক বিরল ঘটনা। খুনিকে কেউ আশ্রয় দেয়? গণতন্ত্র ধ্বংসকারীকে কেউ আশ্রয় দেয়? সীমাহীন লুটপাটকারীকে কেউ আশ্রয় দেয়? এমন দৃষ্টান্ত পৃথিবীতে খুব কমই দেখা যায়।

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদু বলেন, ভারত একজন অভিযুক্ত হত্যাকারীকে, গণতন্ত্র ধ্বংসকারীকেও, লুটপাটকারী সরকারপ্রধানকেও আশ্রয় দিয়েছে- এই অভিযোগ বাংলাদেশের মানুষ তুললে ভারত এ বিষয়ে কী জবাব দেবে, তা আমার জানা নেই।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো অবস্থায়ই ফেব্রুয়ারি মাস অতিক্রম করা যাবে না। এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের জনগণ কোনো ধরনের বিলম্ব বা ভিন্নতা মেনে নেবে না। কোনো ধরনের টালবাহানা বা বিলম্ব সহ্য করবে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশ গণতন্ত্র ও স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। গত ৫৪ বছরে বাংলাদেশের ইতিহাসে বহু উত্থান-পতন ঘটেছে। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের জনগণ কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না।

তিনি বলেন, নির্বাচনের প্রশ্নে যদি দ্বিধা বা বিলম্ব ঘটে, তাহলে একদিন এই সরকারকে ইতিহাসে জবাবদিহি করতে হতে পারে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission