
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, অতীতে যেভাবে কোনো স্বৈরাচার এ দেশে টিকতে পারেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, অতীতের মতো ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। অতীতেও বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের পতনে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে রাজপথে বিজয় ছিনিয়ে এনেছে।
তিনি বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছাত্রসমাজের আপসহীন নেতৃত্বের মুখে স্বৈরশাসকেরা পদত্যাগে বাধ্য হয়েছিলেন।
ষড়যন্ত্রকারীদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তিগুলো এক হয়ে কৃত্রিম উপায়ে আন্দোলন শুরু করার চেষ্টা করছে। কিন্তু জনগণ এ ধরনের আন্দোলন কখনও গ্রহণ করবে না।
তিনি বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে, সেই আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতে তারেক রহমান গ্রাম-গঞ্জে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন এবং মানুষের সেবা করছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘হুংকার দিচ্ছে ২৪-এর পরাজিত শক্তিরা আসবেন, কোথায় আসবেন? ইতিহাস বলে, শুধু বাংলাদেশ নয়, কোনো পলাতক ফ্যাসিস্ট একবার দেশ ছেড়ে পালিয়ে গেলে সে কোনো দিন সেই দেশে আর ফিরে আসতে পারে না।’
শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ। একইভাবে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে আগামী পরশু থেকে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের পাশে থাকেন। তারা যাতে সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরটিভি/এসএস


