ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম
বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল বিএনপির ‘ইস্পাত কঠিন অগ্রবাহিনী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিজেদের একটি ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানুষের অধিকার রক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ৪৮ বছর আগে জাতীয়তাবাদী যুবদলের যাত্রা শুরু হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি দেশের বৃহৎ যুব সংগঠনগুলোর একটিতে পরিণত হয়েছে।

ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে রাজপথে বারবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। নেতাকর্মীদের মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্তও দেওয়া হয়েছে। তারপরও তারা গণতান্ত্রিক আন্দোলন ও নিজেদের দায়িত্ব থেকে পিছপা হননি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কর্মকাণ্ড এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে সংগঠনটি।

যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান নেতৃত্ব আজ যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পতনেও তাদের সাহসী নেতৃত্ব প্রভাবকের ভূমিকা পালন করেছে।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিকে সঙ্গে নিয়ে রুহুল কবির রিজভী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই: রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কবিতার রাজ্যে কে বড় কবি আর কে ছোট কবি, সেই তারতম্য নেই। প্রত্যেকেই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে সেখানে বিচরণ করেন। রোববার(২২ নভেম্বর) রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  নিজেকে সাহিত্য বা কবিতার তাত্ত্বিক ব্যক্তি নন উল্লেখ করে রিজভী বলেন, ‘শাহিন রেজা আমাকে যেভাবে উপস্থাপন করেছেন, আমি মোটেও কবিতা বা সাহিত্যের লোক নই। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, এর ব্যাকরণটাও আমি জানি না। টেলিভিশন ও প্রযুক্তির কল্যাণে পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্য নিয়ে যেসব আলোচনা শুনি, সেগুলোর আঙ্গিক সম্পূর্ণ ভিন্ন।’ কবিদের সম্পর্কে ছোটবেলার ধারণার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ছোটবেলায় মনে করতাম কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাদের চলাফেরা ও কথাবার্তা একটু ভিন্ন ধরনের। এমনও ধারণা ছিল, কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না। কিন্তু স্টালিনকে দেখে সেই ধারণা বদলে গেছে। কবিরাও অত্যন্ত স্মার্ট ও পরিষ্কার-পরিচ্ছন্ন হন।’ কবি রেজাউদ্দিন স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে রিজভী বলেন, সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা হলে তার মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কেউ হতেন কি না সন্দেহ। তিনি আরও বলেন, ‘স্টালিন অত্যন্ত সামাজিক মানুষ। আমরা প্রায়ই দীর্ঘ সময় আড্ডা দিই। কিন্তু এর মধ্যেও স্ত্রী ও কন্যার কথা, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার বিষয়গুলো তার মাথায় থাকে। দিনশেষে বাজার নিয়ে বাড়ি ফেরেন। এটি তার অসাধারণ একটি গুণ।’ কবিতার প্রেরণা প্রসঙ্গে নিজের এক বাংলা শিক্ষকের স্মৃতিচারণ করে রিজভী জানান, কবিদের জীবনে নানা ধরনের প্রেরণা আসে। তার এক শিক্ষক কবিতার প্রেরণা ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। ওই শিক্ষকের কথা আজও তার মনে রয়েছে। এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তিনি কবিতার গভীরে যেতে না পারলেও একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। আন্দোলন ও কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা তাদের অনুপ্রাণিত করত। তিনি বলেন, সেসময় ভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অভিন্ন লক্ষ্যে সবাই একত্রিত হয়েছিলেন। বন্ধু ও সহপাঠীদের পাশাপাশি সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও তারা কবিতা আবৃত্তি করতেন। কবি রেজাউদ্দিন স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, ‘স্টালিন তার কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছে, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। কখনো নিজের সার্বভৌম সত্তাকে বিসর্জন দেয়নি বলেই সে নিজস্ব একটি ধারা তৈরি করতে পেরেছে।’ বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর ‘পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন/আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করেন রিজভী। তিনি বলেন, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতাই একজন কবির বড় সার্থকতা। বক্তব্যের শেষে কবি রেজাউদ্দিন স্টালিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন রিজভী। আরটিভি/এসকে
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই: রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদেরকে জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করবো, আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই। তিনি বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে দুশমনি করেছে, যারা জাতীয় শয়তান হিসেবে জনগণের কাছে বিবেচিত, তাদের এই দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই। রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে সহিংসতা ও নাশকতায় উসকানি দিচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনায় অর্থের জোগান দিচ্ছেন। ব্যাংকিং খাত ও বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা অপরাধ করছে, যারা আগুন লাগাচ্ছে, যারা সন্ত্রাসী কাজ করছে, যারা ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করা হবে। রিজভী বলেন, সরকার প্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন বলেই প্রতিশোধপরায়ণতার পথ অনুসরণ করছেন না। যারা অপরাধ করছে, রক্ত চুষে নিচ্ছে, এই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা দরকার। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন। যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের ওপর তারা নজর রাখতে পারেন। কারণ তারা সর্বনাশা ধ্বংসেই মেতেছে। তারা ১৭ বছর ধরে অনেক টাকা আয় করেছে। টাকার অভাব নেই। তাদের ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার কোনো শেষ নেই। আরটিভি/টিআর
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
মানবিকতা নির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার: ডা. জুবাইদা রহমান
বিএনপি সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবিকতাই হবে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন, যেখানে মানুষের কল্যাণে মানুষ পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার (২২ নভেম্বর) রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে গৃহ হারানো পরিবারগুলোকে নতুন ঘরের চাবি হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি। এ সময় করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ারের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার বিপদে পাশে আছে, ভবিষ্যতে যে কোনো বিপদে পাশে থাকবে। তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন ডা. জুবাইদা রহমান। উল্লেখ, রোববার (১৫ নভেম্বর) ভোরে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় থাকতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে। আরটিভি/টিআর
মানবিকতা নির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার: ডা. জুবাইদা রহমান
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
আরও পড়ুন
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই: রুহুল কবির রিজভী
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি