
ফ্লোরিডায় বাড়ির মালিকদের সম্পত্তি করের বোঝা কমাতে একটি বড় ধরনের উদ্যোগ সামনে এসেছে। প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনীতে বসতবাড়ির করমুক্ত সীমা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ডলার করার কথা বলা হয়েছে। এতে বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়তে পারে ক্লিয়ারওয়াটার শহর।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৮ ও ২০২৯ অর্থবছরে ঘাটতির পরিমাণ ২ কোটি ডলারের বেশি হতে পারে। সেই ঘাটতি সামাল দিতে প্রায় ১৪০টি পদ বিলুপ্ত করার পরিকল্পনা বিবেচনা করছেন তারা।
প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনীটি আগামী ৩ নভেম্বর ২০২৬ ফ্লোরিডার সাধারণ নির্বাচনে ভোটারদের সামনে যাবে। প্রস্তাবটি পাস করতে কমপক্ষে ৬০ শতাংশ ভোট প্রয়োজন। এতে ২০২৭ সালে বসতবাড়ির মালিকদের করমুক্ত সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার ডলার এবং ২০২৮ সালে ২ লাখ ৫০ হাজার ডলার করার প্রস্তাব রয়েছে।
ক্লিয়ারওয়াটার কর্মকর্তাদের বলছেন, এই পরিবর্তনের ফলে শহরের সাধারণ তহবিলে উল্লেখযোগ্য রাজস্ব কমে যেতে পারে। ফলে ২০২৮ সালে প্রায় ৭৫টি পূর্ণকালীন পদ এবং ২০২৯ সালে আরও ৬৪টি পদ কমানোর প্রয়োজন হতে পারে।
তারা জানান, এই পদগুলো বিভিন্ন শহর বিভাগে ছড়িয়ে রয়েছে। সম্পত্তি কর থেকে পাওয়া অর্থ পুলিশ, অগ্নিনির্বাপণ, জনসেবা, পার্ক ও বিনোদনসহ শহরের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয়।
রাজস্ব কমে গেলে পুলিশ বিভাগের কিছু প্রযুক্তি ও তদন্ত-সহায়ক সরঞ্জামের বাজেট কমানো এবং পার্ক ও বিনোদনমূলক সেবায় কাটছাঁটের মতো পদক্ষেপও নিতে হতে পারে বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে এখনই এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। প্রস্তাবটি ২০২৬ সালের নভেম্বরে ভোটারদের সামনে যাওয়ার কথা রয়েছে। নির্বাচনের ফলাফল কী হবে, তা অনিশ্চিত থাকায় শহর কর্তৃপক্ষ সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগাম বাজেট পরিকল্পনা করছে।
ঘাটতি সামাল দিতে বিকল্প আয়ের পথও খুঁজছে ক্লিয়ারওয়াটার। এর মধ্যে রয়েছে বিনোদনমূলক সেবার ফি বাড়ানো, শহরের বিভিন্ন স্থাপনার চুক্তি পুনর্বিন্যাস এবং বেকেয়ার সাউন্ডের টিকিট বিক্রির রাজস্ব ভাগাভাগির চুক্তি পুনরায় আলোচনা। পিয়ার ৬০ বেইট হাউসের দাম বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ফ্লোরিডার সম্পত্তি কর সংস্কার নিয়ে ইতোমধ্যে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সমর্থকেরা বলছেন, এতে বাড়ির মালিকদের করের বোঝা কমবে। অন্যদিকে স্থানীয় সরকারগুলো আশঙ্কা করছে, কর রাজস্ব কমে গেলে পুলিশ, অবকাঠামো, পার্কসহ গুরুত্বপূর্ণ জনসেবায় চাপ তৈরি হবে।
আরটিভি/টিআর



