
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির মধ্যে শুভ দাস (২৩) নামে একজনের মরদেহ দীর্ঘ প্রায় ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শুভ দাসের মরদেহ শ্রীপতিপুর গ্রামের বাড়িতে পৌঁছায়।
নিহত শুভ দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মে দক্ষিণা লেবাননের জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ঘটনাস্থলেই নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়ার শুভ দাস। তারা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।
পরে দ্রুত সময়ের মধ্যে শফিকুল ও নাহিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হলেও আইনি জটিলতায় শুভ দাসের মরদেহ ফিরিয়ে আনতে এত সময় লেগে যায়।
জানা গেছে, প্রায় তিন বছর আগে নিহত শুভ দাস পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে পাড়ি জমান। ভ্যানচালক পিতা সুরঞ্জন দাস এবং ধানের চাতালে কাজ করা মা শিখা দাস ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। তাদের আশা ছিল, ছেলে বিদেশে গিয়ে পরিবারের অভাব দূর করবে, বদলে দেবে সংসারের চিত্র। চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন মেজো। পরিবারের স্বপ্ন আর বাবা-মায়ের কষ্ট দূর করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি।
এদিকে শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ কয়েক মাস আগেই দেশে ফিরলেও শুভ দাসের মরদেহ দেশে ফেরানো নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তার মরদেহ দেশে ফিরল। তরুণ ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা।
আরটিভি/এমএইচজে


